ভাইফোঁটার বাজারে ‘রূপোলি শস্য’র আকাল! দাম কি ₹২৫০০ ছুঁতে পারে? ইলিশের বাজারদর চমকে দেবে মধ্যবিত্তকে!

ভাইফোঁটার দিন ভাইকে ইলিশ মাছের পদ দিয়ে আপ্যায়ন করার যে চিরাচরিত বাঙালি রেওয়াজ, এবছরও তা বজায় রাখতে গিয়ে মধ্যবিত্তের পকেটে ভালোমতোই কোপ পড়বে। কারণ, ইলিশের আশা দেখিয়েও শেষ মুহূর্তে জালে তেমনভাবে ‘ঝাঁকের ইলিশ’ আসেনি। ফলে উৎসবের দিন ভরসা সেই হিমঘরের মাছই।
মৎস্যজীবীরা শেষ ট্রিপে গভীর সমুদ্রে পাড়ি দিলেও, প্রত্যাশিত পরিমাণে ইলিশের দেখা মেলেনি। তবে কিছু বড় সাইজের মাছ আসায় মৎস্যজীবীদের মধ্যে সামান্য স্বস্তি থাকলেও, সার্বিক জোগান বাড়েনি। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস জানিয়েছেন, ইলিশ মাছ সাধারণত বৃষ্টির সঙ্গে আসে। “এখন বৃষ্টি নেই, ফলে মাছও নেই। সামনে আবহাওয়ার পরিবর্তন হলে সামান্য মাছ আসতে পারে, না হলে রাস পুজোর পর এই বছরের মতো ইলিশ ধরা বন্ধ হবে।”
দাম আকাশছোঁয়া: কত টাকায় বিকোচ্ছে ইলিশ?
বাজারে বর্তমানে ইলিশের দাম আকাশছোঁয়া। ভাইফোঁটার ঠিক আগে প্রতি কেজি ইলিশের দাম শুরু হচ্ছে ১৫০০ টাকা থেকে। ১ কেজির আশেপাশে বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা প্রতি কেজি দরে। অপেক্ষাকৃত ছোট সাইজের ইলিশ, যা এক কেজির থেকে কম, তা পাওয়া যাচ্ছে ১১০০ টাকা প্রতি কেজি দরে।
বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জোগান কম থাকায় ভাইফোঁটার সময়ে এই দাম আরও কিছুটা বাড়তে পারে। তাই সাধ্যমতো ইলিশ আজই কিনে রাখার পরামর্শ দিচ্ছেন অনেকে।
ইলিশ নিয়ে এবছর আশা ছিল অনেক, কিন্তু মরশুমের প্রায় পুরোটা জুড়েই দাম মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। আর মাত্র একটি ট্রিপের পরই এবছরের মতো তাজা ইলিশের মরশুম শেষ হতে চলেছে। ফলে বাঙালির পাতে আবার তাজা ইলিশ পড়ার জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছর।