‘ফালতু সিদ্ধান্ত, চরম বাজে কম্বিনেশন!’ রাহুলকে ৬ নম্বরে নামানোয় টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তী!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের ম্লান পারফরম্যান্সের পর টিম ম্যানেজমেন্টের সমালোচনার ঝড় থামছে না। বিশেষ করে কে এল রাহুলকে (KL Rahul) ৬ নম্বর পজিশনে ব্যাট করতে নামানো নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাহুল যেখানে ৫ নম্বরে ব্যাট করে বেশ সফল, সেখানে তাঁকে নিচে নামিয়ে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (Axar Patel) ৫ নম্বরে পাঠানো হয়। কিন্তু পার্থে সিরিজের প্রথম ম্যাচে রাহুলই দলের সর্বোচ্চ স্কোরার হওয়ার পর, তাঁর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তী কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)।

আকাশ মেঘলা থাকার কারণে শুরুতেই ধাক্কা খায় ভারত। দুই ওপেনার শুভমন গিল (Shubman Gill), রোহিত শর্মা (Rohit Sharma) এবং ৩ নম্বরে নামা বিরাট কোহলি (Virat Kohli) দ্রুত আউট হন। বৃষ্টির কারণে ম্যাচটি বারবার বিঘ্নিত হয় এবং শেষে প্রতি ইনিংসের জন্য ২৬ ওভারে নামিয়ে আনা হয়। এই সংক্ষিপ্ত ম্যাচে ভারত ৯ উইকেটে ১৩৬ রান তোলে। রাহুল ৩১ বলে ৩৮ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন, আর অক্ষর প্যাটেল করেন ৩১ রান।

‘কম্বিনেশন ভয়াবহ, অক্ষরকে কেন রাহুলের আগে?’
নিজের ইউটিউব চ্যানেলে টিম ম্যানেজমেন্টের রণনীতির কড়া সমালোচনা করে শ্রীকান্ত বলেন, “আমি গতকালও (প্রথম ওডিআইয়ের আগে) বলেছিলাম— রাহুলকে ৪ নম্বরে খেলাও এবং শ্রেয়সকে ৫ নম্বরে। আমার মতে দলের কম্বিনেশন ভয়াবহ (appalling)। এবং প্রথম কথা, রাহুলকে বাদ দিয়ে আপনি কেন অক্ষর প্যাটেলকে এগিয়ে পাঠাবেন?”

তিনি আরও যোগ করেন, “ক্লাসি ‘রোলস রয়েস’ রাহুল আজও সর্বোচ্চ স্কোর করেছে। সে ৪ এবং ৫ নম্বর পজিশনে ভালো রান করে এবং তার গড়ও বেশ ভালো। ২০১৯ বিশ্বকাপে সে ওপেনিং করেছে, আবার দরকার মতো ৪ বা ৫ নম্বরেও খেলেছে এবং শতরানও করেছে। সেখানে অক্ষর প্যাটেলকে রাহুলের আগে নামিয়ে দেওয়াটা একেবারে বাজে (absolute rubbish)।”

‘বিশ্বমানের খেলোয়াড়কে সর্বাধিক বল খেলতে দিন’
শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ যখন মনে করিয়ে দেন যে অক্ষরও খারাপ খেলেননি, তখন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তী পাল্টা জবাব দেন, “সেটা মূল বিষয় নয়। আপনার কাছে ওই পজিশনে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন রয়েছে। অক্ষর নিঃসন্দেহে দারুণ খেলোয়াড়।”

তিনি আরও বলেন, “দেখুন, আপনি জানেন যে এটা অস্ট্রেলিয়ার সবথেকে শক্তিশালী বোলিং আক্রমণ নয়। মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ছিল, কিন্তু তাদের পরে সেরকম ভয়ঙ্কর বোলিং নেই। তাই কে এল-কে ৫ নম্বরে নামা উচিত ছিল।”

শ্রীকান্তের মতে, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি রাহুলকে ৪ নম্বরেই খেলাতেন। তিনি জোর দিয়ে বলেন, “৬ নম্বরে নামানোটা অগ্রহণযোগ্য। আপনি আমাকে যেকোনো যুক্তি দিন না কেন, রাহুল একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তার সর্বাধিক বল খেলা উচিত। আমি অক্ষরকে দোষ দিচ্ছি না, শুধু বলছি রাহুলকে ৫ নম্বরে নামা উচিত ছিল।”

“ম্যাচ প্রথম ১০ ওভারেই শেষ”
বৃষ্টির কারণে ইনিংস গতি পায়নি ঠিকই, তবে শ্রীকান্তের মনে হয়েছে, যখন ভারত ২৭ রানে ৩ উইকেট হারায়, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল।

তিনি বলেন, “বৃষ্টিকে কারণ হিসেবে দেখাতে পারেন, কিন্তু আমার মতে ম্যাচটি প্রথম ১০ ওভারেই শেষ হয়ে গিয়েছিল। পুরো ৫০ ওভারের ম্যাচ হলেও পার্টনারশিপ গড়তে অনেক সময় লাগত। সত্যি বলতে, ভারত যদি ১৫০-১৬০ রানও করত, তবে অস্ট্রেলিয়ার জন্য কাজটা কঠিন হয়ে যেত।”

তাঁর মতে, অক্ষর ও রাহুলের পার্টনারশিপ ভারতকে একটি সম্মানজনক জায়গায় এনেছিল। “আমরা যদি ২৬ ওভারে ১৫০-১৬০ রান করতাম, তবে ডিএলএস (DLS) পদ্ধতিতে তাদের জন্য রান যোগ হত। কিন্তু আমরা ২৬ ওভারে ৯ উইকেট হারানোয় ডিএলএস তাদের থেকে ৫ রান কেটে নেয়,” মন্তব্য করেন তিনি।