১৫ বছরের স্বপ্ন পূরণ! হোয়াইট হাউসে পৃথিবীর ‘সবচেয়ে জমকালো’ বলরুম বানাচ্ছেন ট্রাম্প, শুরু হলো কাজ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উচ্চাকাঙ্ক্ষী ‘গ্র্যান্ড বলরুম’ নির্মাণ প্রকল্প শুরু হওয়ায় সোমবার, ২০ অক্টোবর ২০২৫ তারিখে হোয়াইট হাউসের (White House) ঐতিহাসিক ইস্ট উইংয়ের (East Wing) কিছু অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এই অপ্রত্যাশিত পদক্ষেপে হোয়াইট হাউসের ইতিহাসে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হলো।
রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প তাঁর ১৫ বছরের পুরনো স্বপ্ন পূরণ করতে ইস্ট উইং-এর যে অংশে ফার্স্ট লেডির কার্যালয় রয়েছে, সেই এলাকাতেই $২০০ মিলিয়ন (মতান্তরে $২৫০ মিলিয়ন) খরচ করে একটি বিশাল বলরুম তৈরি করছেন।
কেন এই বিশাল নির্মাণকাজ?
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন বলরুমটি হবে প্রায় ৯০,০০০ বর্গফুট আয়তনের, যা এক সঙ্গে ৬৫০ থেকে ৯০০ জন অতিথিকে বসার সুযোগ দেবে। বর্তমানে হোয়াইট হাউসের সবচেয়ে বড় অনুষ্ঠান কক্ষ ‘ইস্ট রুম’-এর ধারণক্ষমতা খুবই কম হওয়ায়, বড় আকারের রাষ্ট্রীয় নৈশভোজ বা অভ্যর্থনার জন্য প্রায়শই দক্ষিণ লনে অস্থায়ী তাঁবু (Tent) খাটাতে হয়, যা প্রেসিডেন্টের মতে দৃষ্টিকটু। ট্রাম্পের তৈরি করা এই জমকালো ও বিলাসবহুল বলরুম সেই সমস্যার সমাধান করবে।
সোমবার ইস্ট উইংয়ের সম্মুখভাগ এবং ছাদের কিছু অংশ বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। এই নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সমাজমাধ্যমে লেখেন, “নতুন, বড়, সুন্দর হোয়াইট হাউস বলরুম তৈরির জন্য কাজ শুরু হয়েছে। এটি মূল হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদা, এবং ইস্ট উইং এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্পূর্ণ আধুনিকায়ন করা হচ্ছে, যা শেষ হলে আগের থেকেও অনেক বেশি সুন্দর হবে!”
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট নিশ্চিত করেছেন, এই বিশাল প্রকল্পের পুরো অর্থায়ন প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য ‘দেশপ্রেমিক দাতাদের’ ব্যক্তিগত অনুদান থেকে করা হবে, এবং এতে আমেরিকান করদাতাদের এক পয়সাও খরচ হবে না। ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই বলরুমের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
তবে, হোয়াইট হাউসের অন্যতম ঐতিহ্যবাহী কাঠামোর ওপর এই নির্মাণকাজ শুরু হওয়ায় ইতিমধ্যেই অনেকে সমালোচনা করছেন। অনেকে এই সংস্কারকে ‘ঐতিহ্যের প্রতি চরম অসম্মান’ বলেও মন্তব্য করেছেন। এই খবরটি বিস্তারিতভাবে জানতে পড়ুন হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের।