“প্রথম দুটো লাগেনি, তৃতীয়বার ধরতেই…”! দুষ্কৃতীর বন্দুকের বাঁটে রক্তাক্ত নির্মল দত্ত, শহরে আতঙ্কের ছবি

কালীপুজোর সকালে বিধাননগরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা আইএনটিইউসি সভাপতি নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। দুষ্কৃতী পর পর গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শেষমেশ বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে খবর। রক্তাক্ত অবস্থায় ওই নেতাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং আইএনটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্ত। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি দত্তাবাদের ওয়ার্ড অফিসে এসেছিলেন কাজের তদারকি করতে। সেই সময়ই এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপি গেঞ্জি পরিহিত এবং মুখে মাস্ক পরা এক যুবক আচমকাই নির্মল দত্তকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি ছোড়ে। তবে সৌভাগ্যবশত গুলি দু’টি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই প্রাক্তন কাউন্সিলর ওই দুষ্কৃতীকে জাপটে ধরে ফেলেন। শুরু হয় দু’জনের মধ্যে ধস্তাধস্তি। এই সুযোগে দুষ্কৃতী তাঁর বন্দুকের বাঁট দিয়ে প্রাক্তন কাউন্সিলরের মাথায় সজোরে আঘাত করে। এর ফলে তাঁর মাথা ফেটে রক্তপাত শুরু হয়।
নির্মল দত্ত সংবাদমাধ্যমকে জানান, “সকাল ৭টা ২০ মিনিট নাগাদ আমি বাইপাসে কাজে তদারকি করতে আসি। হঠাৎ গোলাপি জামা, মুখে মাস্ক পরা এক যুবক বন্দুক বের করে। প্রথম দুটো গুলি লাগেনি। তৃতীয়বার গুলি করার চেষ্টা করলে আমি ওকে ধরে ফেলি। তখন মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে। পাড়ার লোকজন বেরিয়ে আসতেই সে বেঙ্গল কেমিক্যালসের রাস্তা ধরে পালিয়ে যায়।”
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্মল দত্ত জানিয়েছেন, ৮-৯ মাস আগেও একবার তাঁর উপর হামলা হয়েছিল। যদিও তিনি কাউকে সন্দেহ করছেন না, তবে তিনি মনে করেন স্থানীয় উন্নয়নের কাজ করায় মাদক-গাজার ঠেক চালানো দুষ্কৃতীরাই এই হামলা চালাতে পারে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে।