পুরনো অ্যালগরিদমের দিন শেষ! X (Twitter)-এ এবার ‘যা চাইবেন, তাই দেখবেন’! ইলন মাস্কের নতুন AI মাস্টারস্ট্রোক

ইউজারদের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দিতে X (সাবেক টুইটার)-এর রেকমেন্ডেশন সিস্টেমে এক বিশাল আপডেটের ঘোষণা করলেন ইলন মাস্ক। প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রদর্শনের পদ্ধতিকে দ্রুত উন্নত করার লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিজের পোস্টে মাস্ক জানিয়েছেন, আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে X-এর সুপারিশ সিস্টেম থেকে পুরনো সব ‘হিউরিস্টিকস’ (heuristics) বা পূর্বনির্ধারিত নিয়মগুলি মুছে ফেলা হবে।
Grok কীভাবে ফিড নিয়ন্ত্রণ করবে?
মাস্কের মতে, X-এর মূল অ্যালগরিদমকে এবার সম্পূর্ণরূপে AI নির্ভর করে তোলা হচ্ছে। xAI দ্বারা নির্মিত Grok চ্যাটবটটি প্রতিদিন প্ল্যাটফর্মের কোটি কোটি পোস্ট এবং ভিডিও (প্রতিদিন ১০০ মিলিয়ন প্লাস) আক্ষরিক অর্থে ‘পড়ে’ এবং ‘দেখে’ বিশ্লেষণ করবে।
এই বিশ্লেষণ করেই Grok বুঝতে পারবে কোন ইউজার কোন কন্টেন্টে সবচেয়ে বেশি আগ্রহী। এর মূল লক্ষ্য হলো—ছোট বা নতুন অ্যাকাউন্টগুলির জন্য কন্টেন্ট আবিষ্কারের সমস্যা দূর করে, প্রতিটি ইউজারকে আরও ব্যক্তিগতকৃত এবং প্রাসঙ্গিক কন্টেন্ট সরবরাহ করা।
ইউজারদের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ
সবচেয়ে বড় ঘোষণাটি হলো, ইউজাররা এবার সরাসরি Grok-কে বলে নিজেদের ফিড নিয়ন্ত্রণ করতে পারবেন। মাস্ক বলেন, “আমরা এমন একটি সুবিধা যুক্ত করছি, যার মাধ্যমে আপনি Grok-কে কেবল জিজ্ঞাসা করে আপনার ফিডকে সাময়িক বা স্থায়ীভাবে সামঞ্জস্য করতে পারবেন।”
উদাহরণস্বরূপ, আপনি হয়তো Grok-কে বলতে পারবেন: “রাজনৈতিক বিতর্কগুলো কম দেখাও” অথবা “শুধু বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত পোস্টগুলি দেখাও।”
এই পরিবর্তনের মাধ্যমে ইলন মাস্ক পুরোনো, জটিল নিয়মনীতির উপর নির্ভরশীলতা কমিয়ে, Grok AI-এর মাধ্যমে ইউজারদের সরাসরি নিয়ন্ত্রণ দেওয়ার এবং প্ল্যাটফর্মে স্প্যাম ও অবাঞ্ছিত কন্টেন্টের সমস্যা মেটানোর উপর জোর দিচ্ছেন।