কালীপুজোয় আলোর মেলা! দীপাবলির আগে কলকাতার একাধিক মণ্ডপে মমতা, নিজের বাড়ির পুজোর প্রস্তুতি কেমন?

দুর্গাপূজার আনন্দ ম্লান হওয়ার সঙ্গে সঙ্গেই বাঙালির ক্যালেন্ডারে ফের নতুন উৎসবের রঙ লেগেছে। সামনেই কালীপুজো ও দীপাবলি—আলোর উৎসবের সূচনা হতে চলেছে আজ, শুক্রবার থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে শুক্রবার বিকেল থেকে শুরু করছেন শহর কলকাতার কালীপুজো উদ্বোধনের কর্মসূচি।

গিরিশ পার্কের ফাইভ স্টার ক্লাবের পুজো উদ্বোধনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচণা করবেন। সরকারি সূত্র অনুযায়ী, এরপর জানবাজার, পার্ক স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার আরও বেশ কিছু পুজো মণ্ডপের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরেই আজ বিকেল থেকে শুরু করছেন পুজো উদ্বোধনের ব্যস্ত সূচি। জানা গেছে, আগামী কয়েকদিন ধরে শহরজুড়ে বড় বড় পুজো মণ্ডপে তিনি উপস্থিত থাকবেন উদ্বোধনের জন্য। প্রতি বছর যেমন দুর্গাপুজোয় প্যান্ডেল উদ্বোধনে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী, ঠিক তেমনি কালী আরাধনাতেও তিনি শহরবাসীর আনন্দ ভাগ করে নেন।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়িতেও প্রতি বছর কালীপুজো হয়। দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের বাড়িতে এই পুজো ঘিরে প্রতিবছরই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। মুখ্যমন্ত্রী নিজেই পুজোর সমস্ত আয়োজন ও আরাধনায় অংশ নেন। এবছরও সেই ঐতিহ্য অব্যাহত থাকবে।

দীপাবলি উপলক্ষে ইতিমধ্যেই আলোর সাজে সেজে উঠছে গোটা শহর। পার্ক স্ট্রিট, বেনিয়াপুকুর, কালীঘাট, টালিগঞ্জ, শ্যামবাজার—সব এলাকাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসায়ীদের মতে, এবছর আলোর বাজারে চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। শহরের বিভিন্ন কোণায় তৈরি হচ্ছে নতুন থিমের কালী মণ্ডপ ও আলোকসজ্জা।

নিরাপত্তা নিয়েও কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। শহরজুড়ে বিশেষ নজরদারি চলছে। গুরুত্বপূর্ণ জংশন ও পুজো মণ্ডপে বাড়ানো হয়েছে পুলিশের টহল। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকেও আলাদা ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী নিজে এই ব্যবস্থাগুলি পর্যবেক্ষণ করছেন এবং প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

আগামী সোমবার রাজ্যজুড়ে পালিত হবে দীপাবলি। সরকারি ও বেসরকারি দফতরগুলিতে থাকবে ছুটি। আলোর উৎসবে মেতে ওঠার আগে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সচেতন থাকার বার্তা দিয়েছেন: “আনন্দে মাতুন, কিন্তু সচেতন থাকুন।” মুখ্যমন্ত্রীর কালীপুজো উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আলোর উৎসবের মরসুম।