কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, হামলার দায় নিল বিষ্ণোই গ্যাং

কানাডায় জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে ফের ঘটল ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। এই নিয়ে চার মাসের মধ্যে তৃতীয়বার তাঁর রেস্তোরাঁকে লক্ষ্য করে গুলি চালানো হলো বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এবার প্রকাশ্যেই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।

সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মুখ না ঢেকেই বন্দুকধারীরা ক্যাফেটির দিকে তেড়ে আসছে এবং একাধিক রাউন্ড গুলি চালাচ্ছে। এই দৃশ্য স্বাভাবিকভাবেই কানাডায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগ বাড়িয়েছে।

গুলির এই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার কুলবীর সিদ্ধু এবং গোল্ডি ধিলন। এরা দু’জনেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তারা লিখেছে,

“জনসাধারণের ওপর আমাদের কোনও শত্রুতা নেই, এরা কাজ করিয়ে টাকা দেয় না।”

শুধু ক্যাফেতে হামলা নয়, একই পোস্টে বিষ্ণোই গ্যাংয়ের তরফে বলিউড সেলেব্রিটিদেরও চরম হুমকি দেওয়া হয়েছে। পোস্টে আরও লেখা হয়:

“আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা বলিউডের সেলেব্রিটিদেরও প্রস্তুত থাকা উচিত; যেকোনোও জায়গায় গুলি চালানো হতে পারে।”

এই হুমকির পর ভারতে কপিল শর্মার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে এবং বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই নিয়ে তৃতীয়বার হামলা
কানাডায় কপিল শর্মার এই ক্যাফেতে চলতি বছর এ নিয়ে তৃতীয়বার হামলা হলো। এর আগে, চলতি বছরের ১০ জুলাই এবং ৭ আগস্টেও ক্যাফেটিতে গুলি চালানো হয়েছিল। উভয়বারই ক্যাফের কাচের জানালা ভেঙে দেওয়া হয়। লাগাতার হামলার জেরে বেশ কিছুদিন ক্যাফেটি বন্ধ রাখতে হয়েছিল। চার মাসের মধ্যে একই রেস্তোরাঁয় তিনবার গুলিবর্ষণের ঘটনা কানাডার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।