ভারতে খেলার পরিকল্পনা বাতিল করছেন মেসি? বড় খবরে পড়েগেলো শোরগোল

লিওনেল মেসির বহু প্রতীক্ষিত কেরালা সফর নিয়ে তৈরি হল চরম অনিশ্চয়তা। যে প্রীতি ম্যাচ খেলার জন্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ভারতে আসার কথা ছিল, সেই ম্যাচের পরিকল্পনাতেই বড়সড় বদল আসতে পারে বলে জানা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের জন্য হতাশাজনক খবর, মরক্কোর বিরুদ্ধে কোচির সেই ম্যাচটি হয়তো বাতিল হতে চলেছে।
যদিও সরকারিভাবে আর্জেন্টিনা ফুটবল সংস্থা বা ভারতের কোনো পক্ষই এখনও কোনো বিবৃতি দেয়নি, কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, লিওনেল স্কালোনির বিশ্বকাপজয়ী দল নভেম্বর মাসের আন্তর্জাতিক বিরতির জন্য তাদের সূচিতে পরিবর্তন আনছে।
কোচি থেকে ম্যাচ সরছে আফ্রিকায়?
আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস সূত্রে খবর, নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের নির্ধারিত সফরে কিছু পরিবর্তন আসতে পারে।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, “নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের নির্ধারিত সফরে কিছু পরিবর্তন আনা হতে পারে। প্রথম ম্যাচটি আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিরুদ্ধে হবে। দ্বিতীয়টি প্রাথমিকভাবে ভারতে (কেরালা) পরিকল্পনা করা হয়েছিল। সেই ম্যাচটিও আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়তো মরক্কো।”
কয়েকদিন আগেই আর্জেন্টাইন ফুটবল সংস্থা নিশ্চিত করেছিল যে, অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা এবং ভারতের কোচিতে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কোচির ম্যাচটি যদি বাতিল হয়ে আফ্রিকায় চলে যায়, তবে কেরালা রাজ্যের ফুটবলপ্রেমীরা চরম হতাশ হবেন।
ইতিমধ্যেই ৭ অক্টোবর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছিল, যারা মেসি-বরণের জন্য জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রস্তুতি খতিয়ে দেখছিল।
তবে কলকাতায় ‘তারকা মেলা’ নিশ্চিত
কেরালা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, কলকাতায় মেসির আগমনের পারদ কিন্তু চড়তে শুরু করে দিয়েছে।
মেসিকে ভারতে আনার মূল কারিগর শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় এক দারুণ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মেসির এই ভারত সফরে তাঁর সঙ্গী হচ্ছেন আরও দুই বিশ্বখ্যাত তারকা— আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী রডরিগো ডি পল এবং মেসির ঘনিষ্ঠ বন্ধু উরুগুয়ের কিংবদন্তি লুইস সুয়াজেজ!
ডি পল বর্তমানে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ। অন্যদিকে, বার্সেলোনা এবং বর্তমানে ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে জুটি বেঁধেছেন সুয়ারেজ। শতদ্রু দত্ত তাঁর পোস্টে নিশ্চিত করে লিখেছেন, “গেম-সেট-ম্যাচ। এবার নিশ্চিত এবং একই সঙ্গে অফিসিয়াল–বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুপার স্টার রডরিগো দি পল এবং উরুগুয়ান ও বার্সেলোনার কিংবদন্তি লুইস সুয়ারেজ লিওনেল মেসির গোট সফরে সঙ্গী হবেন।”
তবে, কেরালায় ম্যাচের ভবিষ্যৎ কী হবে, তা জানতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।