কারিশমা কাপুরের সন্তানেরা কি সম্পত্তির ভাগ পাবেন? ভাইয়ের জন্মদিনে বোন মন্দিরা কাপুরের আবেগঘন বার্তা, পোস্টে নেই সঞ্জয়ের বর্তমান স্ত্রী!

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুর-এর বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আইনি বিতর্ক এখন তুঙ্গে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ১৫ অক্টোবর ছিল সঞ্জয় কাপুরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে তাঁর বোন মন্দিরা কাপুর স্মিথ (Mandhira Kapur Smith) ইনস্টাগ্রামে ভাইয়ের স্মৃতিচারণ করলেন। ভাইয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি এবং একটি হৃদয়স্পর্শী নোট শেয়ার করেন তিনি।

বোন মন্দিরার মর্মস্পর্শী পোস্ট
সম্পত্তির আইনি বিবাদের মাঝে মন্দিরার এই পোস্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি লেখেন, “শুভ জন্মদিন, আমার প্রিয় ভাইয়া। এই দিনটি আমাকে হাজারও স্মৃতিতে মুড়ে দেয়—আমাদের শৈশবের হাসি, জন্মদিনের মোমবাতির আলো এবং তোমার সেই দুষ্টু হাসি, যা সব ঝড় গলিয়ে দিতে পারত। আমি এখনও তোমাকে দেখি—সেই আত্মবিশ্বাসী, আকর্ষণীয় ছেলেটি, যে জীবনে, ভালোবাসায় এবং আলোয় ভরপুর একজন মানুষে পরিণত হয়েছিল।”

মন্দিরা আরও উল্লেখ করেন যে, তাঁর ভাই ভয়হীন, উজ্জ্বল এবং হৃদয়বান ছিলেন। তিনি পরিবারকে নীরবে শক্তি ও গর্বের সাথে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি পোস্টে লেখেন: “তোমার মূল্যবোধগুলিকে আমরা আঁকড়ে ধরে আছি—সত্য, আনুগত্য এবং বিনম্রতা। আমরা তোমার স্মৃতিকে পবিত্র ও অস্পৃশ্য রেখেছি, সেই ছায়া থেকে রক্ষা করেছি যা তোমার আলো ম্লান করার বা তোমার উদ্দেশ্যকে বিকৃত করার সাহস করে।” এই অংশটি পরোক্ষভাবে চলমান আইনি বিবাদের দিকে ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।

মন্দিরা তার আবেগঘন পোস্ট শেষ করেন এই বলে, “আমরা তোমাকে শব্দ দিয়ে বোঝানো অসম্ভব তার চেয়েও বেশি মিস করি। তোমার অনুপস্থিতিতেও তুমি এবং বাবা আমাদের চিরন্তন পথপ্রদর্শক হয়ে আছো। তোমার আলো কখনও নিভবে না, ভাইয়া।”

পোস্টে শুধু কারিশমার সন্তানেরা, বাদ গেলেন প্রিয়া সচদেব
মন্দিরা কাপুর স্মিথ যে ছবিগুলি শেয়ার করেছেন, তাতে দেখা গেছে সঞ্জয় কাপুরকে তাঁর বাবা-মা, বোন, কারিশমা কাপুরের দিক থেকে হওয়া তাঁর সন্তান সামাইরা ও কিয়ান এবং ভাগ্নে-ভাগনিদের সাথে। তবে লক্ষণীয়ভাবে, সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং প্রিয়ার আগের পক্ষের সন্তানদের কাউকেই সেই ছবিগুলিতে অন্তর্ভুক্ত করেননি মন্দিরা।

অন্যদিকে, প্রিয়া সচদেব কাপুরও সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে সঞ্জয়ের সঙ্গে তাঁর কাটানো সুন্দর মুহূর্তগুলি ছিল। আগ্রহের বিষয় হলো, প্রিয়ার সেই ভিডিওতে কারিশমা কাপুরের সন্তান সামাইরা এবং কিয়ানও ছিল।

প্রয়াত সঞ্জয় কাপুরের বিপুল অঙ্কের সম্পত্তি এবং তাঁর কথিত উইল নিয়ে ইতিমধ্যেই কারিশমা কাপুরের সন্তানেরা হাইকোর্টে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, উইলটি ‘জাল’। এই পরিস্থিতিতে পরিবারের দুই পক্ষের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি এই বিতর্কের জটিলতাকে আরও স্পষ্ট করে তুলল।