‘হেলেনের সঙ্গে তুলনা করা হতো’, ১৯ বছর বয়সে ৪ সন্তানের পিতার সঙ্গে বিয়ে, কেমন ছিল অভিনেত্রী মধুুমতীর জীবন?

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুুমতী তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি নৃত্যশৈলী দিয়েও দর্শকদের মন জয় করেছেন। কিন্তু এখন তাঁর অনুরাগীদের জন্য একটি দুঃখের খবর সামনে এসেছে। মধুুমতীর প্রয়াণ হয়েছে। অভিনেতা বিন্দু দারা সিং প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলের সাথে খবরটি ভাগ করে নিয়েছেন।
বিন্দু দারা সিং তাঁর পোস্টে লিখেছেন, “তিনি কেবল আমার জন্যই নয়, বরং অক্ষয় কুমার, টাবু এবং আরও হাজার হাজার ছাত্রের জন্য আমাদের শিক্ষিকা, বন্ধু এবং দার্শনিক পথপ্রদর্শক ছিলেন! তিনি আমাদের অনেকের সাথে যোগাযোগ রেখেছিলেন এবং তাঁর সকল ছাত্রের ভালোবাসা ও যত্নে ভরা একটি সুস্থ জীবন যাপন করেছেন।”
বিন্দু দারা সিংয়ের পোস্ট
বিন্দু দারা সিং জানান, “আজ সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন, এক গ্লাস জল খেলেন এবং চিরতরে ঘুমিয়ে পড়লেন, তখন আমরা সবাই আমাদের কাছের কাউকে হারালাম! সিনেমাতে তাঁর নাচের মাধ্যমে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন!” বলা হয়, মধুুমতীর কাছে নৃত্য এতটাই জরুরি ছিল, যতটা বেঁচে থাকার জন্য খাওয়া, পান করা এবং শ্বাস নেওয়া প্রয়োজন। ১৯৪৪ সালের ৩০ মে মুম্বইয়ের একটি পার্সি পরিবারে মধুুমতীর জন্ম হয়েছিল। অভিনেত্রীর বাবা ছিলেন একজন বিচারক (Judge)।
হেলেনের সঙ্গে তুলনা
ছোটবেলা থেকেই মধুুমতীর নাচের প্রতি তীব্র আগ্রহ ছিল এবং সে কারণেই পড়াশোনায় তাঁর মন কম বসত। তিনি নৃত্যও শিখেছিলেন এবং নিজেও পরবর্তীকালে নাচের তালিম দিতেন। এই কিংবদন্তী অভিনেত্রী ভরতনাট্যম, কত্থক, মণিপুরী এবং কথাকলি ছাড়াও ফিল্মি ড্যান্সও করতেন। মধুুমতীর তুলনা প্রায়শই আরেক প্রবীণ অভিনেত্রী হেলেনের সঙ্গে করা হতো। এই প্রসঙ্গে মধুুমতী বলেছিলেন, “আমরা দু’জনেই বন্ধু ছিলাম, তবে হেলেন জি আমার সিনিয়র ছিলেন। ফিল্ম ফ্রেটানিটির অনেকের কাছে আমাদের দু’জনের চেহারা একই রকম লাগত এবং কিছু লোক সবসময় আমাদের তুলনা করত। কিন্তু আমরা কখনও এতে বিরক্ত হইনি।”
৪ সন্তানের পিতার সঙ্গে বিয়ে
মধুুমতী মনোহর দীপক-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি অভিনেত্রীর চেয়ে বয়সে অনেক বড় ছিলেন এবং ৪ সন্তানের বাবা ছিলেন। তাঁর প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন। মধুুমতীর মা দীপককে পছন্দ করতেন, কিন্তু তাঁর মেয়ের সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না। তবে মায়ের অমতে গিয়ে মধুুমতী ১৯ বছর বয়সে দীপক মনোহরের সঙ্গে বিয়ে করেন।