ডাক্তারি পড়ার স্বপ্ন এবার সত্যি! পশ্চিমবঙ্গেও বাড়ল আসন, এনএমসি-এর সিদ্ধান্তের পর রাজ্যের পড়ুয়ারা কতটা সুবিধা পাবেন?

দেশজুড়ে চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) এমবিবিএস কোর্সে উল্লেখযোগ্য আসন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গোটা দেশে মোট ৯০৭৫টি আসন বৃদ্ধি করা হবে। এর ফলে দেশের মোট ৮১২টি মেডিক্যাল কলেজে এমবিবিএস-এর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১,২৬,৬০০-এ। গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) এই সংখ্যা ছিল ১,১৭,৭৫০।
এনএমসি-এর এই সিদ্ধান্তের ফলে বর্তমানে নিট-ইউজি (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা বড় সুবিধা পাবেন। আপডেট করা আসন ম্যাট্রিক্স এনএমসি-এর অফিসিয়াল ওয়েবসাইট (nmc.org.in)-এ পাওয়া যাচ্ছে। তবে, বিভিন্ন কারণে ৪৫৬টি আসন হ্রাসও করা হয়েছে বলে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে নতুন প্রাণের সঞ্চার:
এনএমসি-এর এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের চিকিৎসা শিক্ষাক্ষেত্রেও নতুন প্রাণ এসেছে। রাজ্যে বর্তমানে ৪০টি সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো হয়। চলতি শিক্ষাবর্ষে রাজ্যে তিনটি কলেজে নতুন আসন যুক্ত হয়েছে: কোচবিহার গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ, রামপুরহাট গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ এবং জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল—প্রতিটিতে ৫০টি করে নতুন আসন বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও, রাজ্যে দু’টি নতুন মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে, যা আসন সংখ্যা আরও বাড়াবে: রানিগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (১০০টি আসন) এবং পিকেজি মেডিকেল সায়েন্স (৫০টি আসন)। বিশেষজ্ঞদের মতে, এই আসন বৃদ্ধির ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য মেডিক্যাল শিক্ষার দরজা আরও প্রশস্ত হবে এবং ভবিষ্যতের চিকিৎসক সঙ্কট মোকাবিলায় এই পদক্ষেপ বড় ভূমিকা নেবে।
দেশের অন্যান্য রাজ্যেও আসন বৃদ্ধি:
দেশের অন্যান্য রাজ্যেও বিপুল আসন বৃদ্ধি ও নতুন কলেজের অনুমোদন মিলেছে। উল্লেখযোগ্য কয়েকটি সংযোজন হলো:
উত্তরপ্রদেশ: শীঘ্রই ১০০টি আসনের অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ (সরকারি) উদ্বোধন করা হবে, যেখানে ২০২৫-২৬ সাল থেকে পঠন-পাঠন শুরু হবে।
রাজস্থান: ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আর্য মেডিকেল কলেজ ও হাসপাতাল (এএমসিএইচ), ওম্যাক্স সিটি যথাক্রমে সরকারি ও বেসরকারি বিভাগে ৫০টি করে আসন যুক্ত হবে।
বিহার: মহাবোধি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শ্যামলাল চন্দ্রশেখর মেডিকেল কলেজ ও এস.পি.এন.এম. হাসপাতাল প্রতিটিতে ১০০টি করে আসন যুক্ত হবে।
ঝাড়খণ্ড ও জম্মু-কাশ্মীর: নেতাজি সুভাষ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেরাইকালা (ঝাড়খণ্ড) এবং শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সিলেন্স (জম্মু ও কাশ্মীর)-এ যথাক্রমে ১০০ এবং ৫০টি আসন যুক্ত হবে।
উল্লেখ্য, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) জানিয়েছে যে, সোমবার পর্যন্ত তৃতীয় দফার ‘চয়েজ ফিলিং’ চলবে এবং ১৫ অক্টোবরের মধ্যে তৃতীয় দফার আসন বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে।