কর্মসংস্থান থেকে প্রযুক্তি বিপ্লব! কেন ভারতকেই সবচেয়ে বড় AI বাজার হিসেবে দেখছে অ্যালফাবেট?

ভারতের প্রযুক্তি ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপের ঘোষণা করেছে টেক জায়ান্ট গুগল (Google)। এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে (Visakhapatnam) দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা মেগা এআই হাব (Mega AI Hub) স্থাপন করতে চলেছে তারা। এই প্রকল্পটি গুগল এবং ভারতী এয়ারটেলের (Bharti Airtel) যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে চলেছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভারতজুড়ে এআই-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলা। এর মাধ্যমে গুগলের সম্পূর্ণ এআই-স্ট্যাক এবং গ্রাহক পরিষেবা ভারতের সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া যাবে।

গুগল ঘোষণা করেছে, এই প্রকল্পে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এয়ারটেল এবং আদানি-কোনেক্স-এর মতো ইকোসিস্টেম পার্টনারদের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বিশাখাপত্তনমের এই এআই ডেটা সেন্টার ক্যাম্পাসটি আধুনিকরূপে তৈরি করা হবে, যেখানে এআই পরিকাঠামো এবং উন্নত প্রযুক্তির ফাইবার অপটিক নেটওয়ার্ক থাকবে। প্রথম পর্যায়ে, এক গিগাওয়াট ক্ষমতার একটি ক্যাম্পাস তৈরি করা হবে। এটি হবে আমেরিকার বাইরে গুগলের অধীনে থাকা সবচেয়ে বড় এআই হাব। শুল্ক আরোপ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও, গুগলের এই বিশাল বিনিয়োগের ঘোষণাটি প্রযুক্তিখাতে ভারতের গুরুত্বকেই প্রমাণ করে।

মাইক্রোসফ্ট এবং অ্যামাজনও ভারতে ডেটা সেন্টারের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, এবং ওপেনএআই-ও এই দেশে অফিস খোলার কথা ঘোষণা করেছে। প্রযুক্তিখাতে টেক জায়ান্টদের মধ্যে তীব্র প্রতিযোগিতার ঠিক মাঝেই গুগলের এই বিশাল বিনিয়োগের ঘোষণা প্রযুক্তি ক্ষেত্রে ভারতের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তুলল। এর ফলে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

গুগলের মূল সংস্থা অ্যালফাবেট দীর্ঘদিন ধরেই ভারতকে একটি ক্রমবর্ধমান বাজার হিসেবে দেখছে। ইউটিউবের সবচেয়ে বেশি গ্রাহক এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সর্বাধিক ব্যবহারকারী ভারতেই রয়েছে। এআই সহ অন্যান্য ক্ষেত্রেও ভারতীয় বাজার বিশ্বব্যাপী টেক জায়ান্টদের জন্য বিশাল সম্ভাবনার পথ খুলে দিয়েছে।