বৃষ্টি পুরোপুরি বিদায়, এবার কি শীতের আগমন? শুষ্ক আবহাওয়ায় কবে কমবে অস্বস্তি, জানাল হাওয়া অফিস

বর্ষা বিদায় নেওয়ার পর বাংলায় আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছে। এবার থেকে বাংলায় ক্রমশ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই—উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, কোনো জেলাতেই আর বৃষ্টির পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও কিছুটা বেশি থাকায় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। তবে ধীরে ধীরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। জলীয় বাষ্পের প্রভাবে রাতে শিশির এবং সকালে হালকা কুয়াশা থাকবে।
মঙ্গলবার থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব শুরু হবে। তবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম বাতাসের সংমিশ্রণে খুব সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বা ধোঁয়াশার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জলীয় বাষ্পের প্রভাব পুরোপুরি না কমায় শরৎ-হেমন্তের শীতের শিরশিরানি অনুভূত হতে আরও কিছুটা সময় লাগবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গেও বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই। আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে।