প্রেমিকার অন্যত্র বিয়ে, চরম হতাশায় বহুতলের জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

প্রেমের সম্পর্কে আচমকা ঝড় আসায় মুহূর্তে সব ছারখার। প্রেমিকা অন্যত্র বিয়ে করতে চলেছেন—এই খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েন এক তরুণ। এমন বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি তিনি। শেষমেশ চরম হতাশা থেকে পরিবারের ও প্রতিবেশীদের চোখের সামনে বহুতলের জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন সেই যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অনুপশহরে। পুলিশ সূত্রে খবর, ২২ বছরের সাজিদ নামের ওই তরুণ জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমিকার বিয়ের খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এবং সেই কারণেই চরম পদক্ষেপ করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তরুণের নাম সাজিদ, তিনি সিরাউরা গ্রামের বাসিন্দা ছিলেন। প্রথমে তিনি বহুতলের জলের ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দেন। সেই সময়ে গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা বারবার তাঁকে নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু শেষমেশ সাজিদ সেই জলের ট্যাঙ্কেই ঝাঁপ দেন।
কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ আধিকারিক ধর্মেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, সাজিদ ও এক তরুণী প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে স্থির হয়। প্রেমিকার বিয়ের খবর পেয়ে সাজিদ মানসিকভাবে ভেঙে পড়েন এবং এই বিয়ে রুখতে না পারায় সকলের চোখের সামনে চরম পদক্ষেপ করেন। এই ঘটনা ঘিরে তদন্ত জারি রয়েছে এবং পুলিশ একটি মামলা রুজু করেছে।