ভোটার কার্ড পেতে আর অপেক্ষা নয়! নির্বাচন কমিশনের বিরাট ঘোষণা, মাত্র ৫ দিনেই ঘরে পৌঁছবে কার্ড

দেশের কোটি কোটি ভোটারের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল নির্বাচন কমিশন (Election Commission of India)। নাগরিক পরিষেবাকে আরও দ্রুত এবং সহজ করতে এবার ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে মাত্র ৫ দিনের মধ্যেই ভোটার কার্ড (Voter Card) পৌঁছে যাবে সাধারণ মানুষের হাতে। আগে যেখানে এই কার্ড পেতে ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত সময় লেগে যেত, সেখানে এই নতুন উদ্যোগে সময় কমে দাঁড়াল হাতে গোনা কয়েক দিনে। এটি নিঃসন্দেহে নাগরিক পরিষেবার ক্ষেত্রে এক বড় পরিবর্তন।
নতুন ভোটার কার্ডের জন্য আবেদন, নাম সংযোজন বা সংশোধনের পর কার্ড হাতে পেতে দীর্ঘ সময় লাগার কারণে বহু মানুষ ভোটদান বা সরকারি কাজে সমস্যায় পড়তেন। এই সমস্যা দূর করতে নির্বাচন কমিশন জানিয়েছে, এখন থেকে ভোটার তালিকায় নাম যুক্ত করা বা সংশোধনের আবেদন মঞ্জুর হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে কার্ড প্রস্তুত করে পাঠানো হবে। এর সঙ্গে সমন্বয় রেখে ভারতীয় ডাক বিভাগ কার্ডটি মাত্র ৫ দিনের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই পরিষেবাকে ‘হাই প্রায়োরিটি’ ক্যাটেগরিতে রেখেছে। দেশের প্রতিটি প্রান্তে, এমনকি দুর্গম এলাকাতেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্ড পাঠানোর জন্য অতিরিক্ত লজিস্টিক সাপোর্টও প্রস্তুত রাখা হয়েছে।
ভোটার কার্ড পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, রেশন কার্ড বা আধার সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পরিচয়পত্র। তাই এটি দ্রুত হাতে পৌঁছানো মানেই নাগরিক পরিষেবায় এক ধাপ অগ্রগতি।
বর্তমানে ভোটার কার্ডের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://voters.eci.gov.in/) বা ‘Voter Helpline’ অ্যাপের মাধ্যমে আবেদন করা যায়।