দক্ষিণবঙ্গে নামল তাপমাত্রা, আসছে উত্তুরে হাওয়া! কবে থেকে জাঁকিয়ে শীত? জানুন পূর্বাভাস

বিরাট ভুগিয়ে অবশেষে রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তাপমাত্রা সামান্য কমেছে। গোটা দক্ষিণবঙ্গেই এখন নিম্নমুখী পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমি বায়ু বিদায় নিতেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে।

তবে এই মুহূর্তে তাপমাত্রার খুব দ্রুত পতন হচ্ছে না। কারণ, বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি। শীতের জন্য মাসের শেষের দিক বা নভেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাপমাত্রা আরও নামলে অক্টোবরের শেষের দিক থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না। আগামী পাঁচ দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কোনো কোনো দিন আংশিক মেঘলা আকাশ থাকলেও এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।

আপাতত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াস-এর আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ভোরের দিকে বেশ ঠান্ডা বা শীতের আমেজ অনুভূত হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ উপরের দিকের জেলাগুলিতে ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। তবে, চলতি সপ্তাহে ঘূর্ণাবর্তের সামান্য প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।