বিদায় নিচ্ছে বর্ষা, এবার কি জাঁকিয়ে শীত? ফের ফুঁসছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

রাজ্যের একাধিক অঞ্চল থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহেই এবারের মতো বিদায় নিতে চলেছে মৌসুমী বায়ু। তবে এরই মধ্যে ফের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে কি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা? এই নিয়েই আবহাওয়ার খবর জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের অধিকাংশ জেলাতেই মোটের উপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কেবল উপকূলের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ইতিমধ্যেই ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তাপমাত্রা বেশ নিম্নমুখী, যা জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত দিচ্ছে। তবে জাঁকিয়ে শীতের জন্য মাসের শেষ অথবা নভেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাপমাত্রা আরও কমলে অক্টোবরের শেষের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সামান্য প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভোর ও রাতের দিকে উত্তরবঙ্গেও শীতের আমেজ রয়েছে। আপাতত উত্তরবঙ্গের অন্যান্য অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।