বিজয়ার শুভেচ্ছা নয়, হাজারো অভিযোগ নিয়ে মমতার সেনাপতির দ্বারস্থ সাধারণ মানুষ! আমতলায় ভিড় কেন?

বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে এবার সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল ডায়মন্ড হারবারে। দলের নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ের মাঝেই আমতলায় একটি বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এই কেন্দ্র স্থাপনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষজনের বিভিন্ন অভিযোগ বা সমস্যা সরাসরি নথিভুক্ত করা। নাগরিক সমস্যা, রাস্তা, চিকিৎসা—এই ধরনের জরুরি বিষয়ে বহু মানুষজন তাঁদের অভিযোগ এই কেন্দ্রে জানিয়েছেন।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই নথিভুক্ত হওয়া অভিযোগ ও সমস্যাগুলো তত্ত্বাবধান করবেন এবং সেগুলির সমাধানের জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন।

আমতলার দলীয় কার্যালয়ে এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবক’টি বিধানসভার সর্বস্তরের নেতা-নেত্রী-কর্মীরা উপস্থিত হয়েছিলেন তাঁদের সাংসদকে বিজয়ার শুভেচ্ছা জানাতে। বিজয়া সম্মিলনী উপলক্ষে রাস্তার দু’পাশে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। সকলের হাতে ছিল পতাকা, পোস্টার ও ব্যানার। নিজেদের সাংসদকে স্বাগত জানাতে দুপুরের আগে থেকেই তাঁরা ভিড় করতে শুরু করেন।

তবে শুধুমাত্র রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় নয়, জনস্বার্থে অভিযোগ জানানোর জন্য সহায়তা কেন্দ্র স্থাপন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনীতে এক নতুন মাত্রা যোগ করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।