দুর্গাপুরকাণ্ডে উত্তাল ভবানীপুর, প্রিজন ভ্যান থেকেই মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বললেন রুদ্রনীল ঘোষ

দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদে উত্তাল হলো কলকাতার ভবানীপুর এলাকা। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয়। এই সময় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক বচসা ও ধস্তাধস্তি হয়। শেষে রুদ্রনীল ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
তবে সেখানেই থামেননি বিজেপি নেতা। প্রিজন ভ্যানে বসেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বললেন রুদ্রনীল
জানা গিয়েছে, দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার তীব্র বিরোধিতা করেছেন রুদ্রনীল ঘোষ। প্রিজন ভ্যান থেকে তিনি ক্ষোভ উগরে দেন।
রুদ্রনীল ঘোষ বলেন, “আরজি করের সময় থেকে এই ধরনের কথাই বলছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন যখনই ব্যর্থ হয়, তখনই মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন বারবার। মেয়েটি রাত ৮টায় বেরিয়েছিল, রাত ১২টায় নয়। মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী!”
তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বারবার মেয়েদের কাজের জায়গায় আটকানোর চেষ্টা করেন এবং রাতে ডিউটি দিতে বারণ করেন, যা সমস্যার মূল কারণ নয়।
মিছিল আটকানো নিয়ে বচসা
জানা যায়, বিজেপি নেতা-কর্মীরা এসএসকেএম সংলগ্ন হরিশ মুখার্জি রোডের ক্রসিং থেকে শম্ভনাথ পণ্ডিত স্ট্রিটের দিকে মিছিল নিয়ে এগোতে চাইছিলেন। সেখানেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং তারপরই রুদ্রনীল সহ একাধিক জনকে আটক করা হয়।
দুর্গাপুরের এই ঘটনায় রাজ্যজুড়ে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যেই ভবানীপুরের এই প্রতিবাদ ও রুদ্রনীল ঘোষের কড়া মন্তব্য রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ বাড়াল।