জঙ্গলমহলে বিজেপিতে ধস অব্যাহত! তৃণমূলের বিজয়া সম্মিলনী মঞ্চে যোগ দিল ৭৫ জন কর্মী

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে ক্রমেই ধস নামছে ভারতীয় জনতা পার্টি (BJP)-র শিবিরে। পরপর দু’দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে শয়ে শয়ে বিজেপি কর্মীর যোগদানের ঘটনায় উচ্ছ্বাস শুরু হয়েছে শাসকদলের অন্দরে।
সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের তপশিয়ায় অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে ফের বড়সড় ভাঙন দেখা গেল গেরুয়া শিবিরে। এদিন ৫০টি পরিবারের প্রায় ৭৫ জন বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন।
উপস্থিত ছিলেন শীর্ষ জেলা নেতৃত্ব
নতুন যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা নেতৃত্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময়ী মারান্ডি, গোপীবল্লভপুরের বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মহাশীষ মাহাতো এবং সাধারণ সম্পাদক লোকেশ কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব ও চরম হতাশার জেরেই একের পর এক কর্মী ফের জোড়াফুল শিবিরে ফিরতে বাধ্য হচ্ছেন।
পরপর দু’দিন ধাক্কা খেল পদ্ম ব্রিগেড
২০২৬ সালের ভোটের আগে ঝাড়গ্রাম জেলায় পরপর দু’দিন ধাক্কা খেল পদ্ম ব্রিগেড। রবিবারও ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে আয়োজিত ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনীতে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে নাম লেখান।
পরপর এই যোগদানকে কেন্দ্র করে তৃণমূলের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এই ধারাবাহিক ভাঙন জঙ্গলমহলে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করল।