“সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না,” দুর্গাপুর নিয়ে মমতার সুরেই কথা বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়

দুর্গাপুরের মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পর এবার প্রায় একই মন্তব্য করে বিতর্কে জড়ালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে, গভীর রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরনো উচিত নয়। এবার তৃণমূলের বর্ষীয়ান এই নেতাও পরামর্শ দিলেন যে, মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়।

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংসদ সৌগত রায় বলেন, “অত রাতে কলেজ থেকে বেরনো উচিত নয়। সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না। তাই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে।”

পুলিশি নিরাপত্তার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “প্রতিটি ইঞ্চিতে তো সুরক্ষা দেওয়া যায় না। প্রতিটি রাস্তায় তো আর পুলিশ থাকতে পারে না। একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিতে পারে। বড় কোনও মোড় আছে, সেখানে সুরক্ষা দিতে পারে। কিন্তু সব জায়গায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”

এদিকে, যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতা ডাক্তারি পড়াশোনা করতেন, সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, শুক্রবার রাত ৭টা বেজে ৫৮ মিনিটে নির্যাতিতা ও তাঁর সহপাঠী-বন্ধু দু’জন একসঙ্গে ক্যাম্পাসের বাইরে যান। এরপর রাত ৮টা বেজে ৪২ মিনিটে নির্যাতিতার বন্ধু একা ক্যাম্পাসের ভিতরে ফিরে আসেন। এর পাঁচ-ছ’মিনিট পর তিনি আবারও ঘটনাস্থলের দিকে চলে যান। রাত ৯টা ২৯ মিনিটে দু’জনে ফিরে আসেন এবং ৯টা বেজে ৩২ মিনিটে মেয়েটি একা হস্টেলে প্রবেশ করেন।

সৌগত রায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, “মেয়েদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া এটা একটা মানসিকতা। আর সেই মানসিকতার প্রতিফলন মুখ্যমন্ত্রী থেকে সাংসদের বক্তব্যে ফুটে উঠছে।”

তিনি প্রশ্ন তোলেন, “সৌগতবাবু কি এটা বলতে পারবেন মেয়েরা রাতেই আক্রান্ত হচ্ছেন, দিনের বেলায় আক্রান্ত হচ্ছেন না? ফলে প্রশ্নটা রাত বা দিনের নয়।” শঙ্কর ঘোষ মনে করেন, এই ধরনের মন্তব্যের প্রতিবাদে সব মহিলার রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানানো দরকার।