ভুটান থেকে জল ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ক্ষতিপূরণ’ দাবি: উত্তরবঙ্গে বন্যার দায় কার?

উত্তরবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যার জন্য সরাসরি ভুটানকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির জন্য হিমালয়ের এই দেশটির কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
সোমবার একটি সরকারি কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, “ভুটান থেকে আসা জলের কারণে আমাদের ক্ষতি হয়েছে… আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক।”
তিনি আরও অভিযোগ করেন যে ত্রাণ ও পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হচ্ছে, কিন্তু এর জন্য কেন্দ্র কোনও অর্থ দেয় না।
মুখ্যমন্ত্রী জানান, ভারত-ভুটান নদী কমিশন গঠনের জন্য তাঁর সরকার দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১৬ অক্টোবর এই বিষয়ে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজ্য সরকার সেখানে একজন আধিকারিককে প্রতিনিধি হিসেবে পাঠাবে।