মোবাইল টাওয়ারের উপরে উঠে কী করছেন প্রেমিক যুগল? নীচে দু’জোড়া চটি দেখেই তেহট্টে বিরাট রহস্য!

নদিয়ার তেহট্টের চিলাখালি এলাকায় মোবাইল টাওয়ারের উপর প্রেমিক যুগল উঠে বসে আছে—এমন সন্দেহে সৃষ্টি হলো ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় এক অদ্ভুত ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই ভিড় জমতে শুরু করে এলাকায়।

ঘটনার সূত্রপাত হয় স্থানীয় টাওয়ার সংলগ্ন এলাকায়। টাওয়ারের কর্মী দু’জোড়া চটি পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ করেন। তিনি আশঙ্কা করেন, হয়তো টাওয়ারের উপরে সম্ভবত কোনো যুগল উঠেছেন। সঙ্গে সঙ্গে তিনি লাইট মেরে টাওয়ারের উপরে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কিছু দেখতে পাননি।

এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে স্থানীয়রা জড়ো হতে শুরু করেন টাওয়ারের কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। দীর্ঘক্ষণ টাওয়ারের উপরে অনুসন্ধান চালানোর পরও কারও হদিস মেলেনি।

পুলিশ কাউকে খুঁজে না পাওয়ায় এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলকর্মীরাও টাওয়ারের উপরে উঠে বিস্তারিত তল্লাশি চালান, কিন্তু সেখানেও কাউকে পাওয়া যায়নি।

তবে নীচে দু’জোড়া চটি পড়ে থাকা নিয়ে রহস্য থেকেই গিয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো কোনো প্রেমিক যুগল অসামাজিক কাজকর্ম করতেই টাওয়ারের উপরে উঠেছিল এবং সুযোগ বুঝে কোনো ফাঁকে টাওয়ার থেকে নেমে পালিয়েছে।

অন্যদিকে, টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর ধারণা, চুরির উদ্দেশ্যে কেউ হয়তো টাওয়ারে উঠেছিল এবং পরে ভয়ে পালিয়ে যায়। তিনি জানান, এর আগেও স্থানীয় অন্য একটি টাওয়ারে চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল। যদিও এই ঘটনার পর থেকে টাওয়ার সংলগ্ন এলাকায় পাহারা আরও কড়াকড়ি করা হয়েছে।