বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা! সোনারপুরে বিজেপি নেতা কার্তিক সরদার যোগ দিলেন তৃণমূলে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর কদমে দলবদলের পালা। এবার রাজনৈতিক পালাবদল ঘটল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তৃণমূলের নেতৃত্ব কার্তিক সরদারকে দলীয় পতাকা তুলে স্বাগত জানান।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব।
দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর সদ্য শাসকদলে যোগদানকারী কার্তিক সরদার বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছি।”
অন্যদিকে, বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী, কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান।”
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এই ডাকাবুকো বিজেপি নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়া রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এলাকার অনেকেই। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর-সহ এই এলাকাটি শাসকদলের খাসতালুক বলেই পরিচিত। সেখানেই এবার দলীয় সদস্য ভাঙল বিজেপি। এই দলবদল সোনারপুর এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বাড়াল বলেই ধারণা করা হচ্ছে।