বিধানসভা ভোটের আগে জঙ্গলমহলে তৃণমূলের ‘গণ-ইস্তফা’! ক্ষোভে পদ ছাড়লেন ৯০০ কর্মী-সমর্থক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে বড়সড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে দল ছাড়লেন প্রায় ৯০০ কর্মী-সমর্থক! যুব সভাপতির বহিষ্কার নিয়ে দীর্ঘদিন ধরে জমা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এই গণ-ইস্তফার মাধ্যমে।
কেন পদত্যাগ করলেন ৯০০ কর্মী?
সম্প্রতি বেলপাহাড়ির বিনপুরের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতকে তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর থেকেই বিনপুর ২ নম্বর ব্লক জুড়ে অসন্তোষের সৃষ্টি হয়েছিল।
সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটিয়ে বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, সন্দাপাড়া, শিলদা, ভেলাইডিয়া ও হাড়দা অঞ্চলের যুব সভাপতিরা একযোগে পদত্যাগ করলেন। তাদের অভিযোগ:
দীর্ঘদিন ধরে এই অপসারণের বিষয়টি জেলার যুব সভাপতিকে জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি।
অপসারিত নেতা রাজীব মাহাত ২০১০ সাল থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্লক যুব সভাপতির দায়িত্বে ছিলেন।
দলের কাজের জন্য রাজীব মাহাত নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলেন বলে দাবি তাঁর অনুগামীদের।
তাঁদের আরও অভিযোগ, জেলার শীর্ষ নেতৃত্ব ফোন করা হলেও ব্লক স্তরের কর্মীদের ফোন তোলেন না।
অপসারিত ওই নেতার অনুগামীদের দাবি, চক্রান্ত করে রাজীব মাহাতকে দল থেকে তাড়ানো হয়েছে। এর প্রতিবাদে বিনপুর এলাকার নিচুতলার প্রায় ৯০০ নেতা-কর্মী পাল্টা পদত্যাগ শুরু করেছেন।
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলার শীর্ষ নেতৃত্ব। যদিও এই বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আপাতত নতুন কোনো দলে যোগদান করছেন না বলেই খবর। বিধানসভা নির্বাচনের আগে এই গণ-ইস্তফা শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করল।