‘আমার রোজগার সম্পূর্ণ বন্ধ, আরও উপার্জন করতে চাই!’ কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে অভিনয়ে ফেরার বিস্ফোরক ঘোষণা সুরেশ গোপীর

কেরলে বিজেপির প্রথম লোকসভা সাংসদ হিসেবে ইতিহাস তৈরি করেও এবার জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী। মন্ত্রীর পদে যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি আকস্মিকভাবে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই মন্তব্যে গেরুয়া শিবিরে যে চরম অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট।

রবিবার কন্নুরে একটি দলীয় অনুষ্ঠানে ত্রিশূরের সাংসদ সুরেশ গোপী মন্ত্রী পদ ছাড়ার কথা ঘোষণা করেন। এর কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও আর্থিক দিক তুলে ধরেছেন। দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেতা সরাসরি জানিয়েছেন, মন্ত্রী পদে বসার পর থেকে তাঁর আয় ব্যাপকভাবে কমে গিয়েছে।

সুরেশ গোপী বলেন, “আমি অভিনয় চালিয়ে যেতে চাই। আমায় আরও উপার্জন করতে হবে, আমার আয় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, তিনি কখনোই মন্ত্রী হওয়ার জন্য অনুরোধ বা প্রার্থনা করেননি। তাঁর কথায়, “নির্বাচনের একদিন আগেও আমি সাংবাদিকদের বলেছিলাম যে আমি মন্ত্রী হতে চাই না, আমি সিনেমাতেই কাজ করতে চাই।”

বর্তমানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রতিমন্ত্রী এবং পর্যটন মন্ত্রীর পদে রয়েছেন কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী। কিন্তু তাঁর বারবার বলা এই ‘ইচ্ছার অভাব’ এবং ‘আর্থিক ক্ষতি’র যুক্তি বিজেপি নেতৃত্বের কাছে নিঃসন্দেহে অস্বস্তির কারণ।

সুরেশ গোপী শুধু নিজে পদত্যাগ করার ইচ্ছাই প্রকাশ করেননি, বরং তিনি নিজের জায়গায় রাজ্যসভার নবনির্বাচিত সদস্য সি সদানন্দন মাস্টারকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার সুপারিশ করেছেন। চলতি বছরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেন।

সুরেশ গোপীর এই ‘বেফাঁস’ মন্তব্য এবং মন্ত্রিত্ব ছাড়ার আকস্মিক ইচ্ছা জাতীয় রাজনীতিতে এক বিরাট জল্পনার জন্ম দিয়েছে।