‘আমার অনেক টাকা চাই!’ মন্ত্রীত্বের পদ ছেড়ে হঠাৎ কেন ইস্তফা দিতে চাইছেন কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপী?

কেরলে বিজেপির প্রথম লোকসভা সাংসদ হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন যিনি, সেই সুরেশ গোপী এখন জাতীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি আকস্মিকভাবে মন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই মন্তব্য নিয়ে গেরুয়া শিবিরে সৃষ্টি হয়েছে চরম অস্বস্তি।
রবিবার এক দলীয় অনুষ্ঠানে সুরেশ গোপী শুধু পদত্যাগের ইচ্ছাই প্রকাশ করেননি, তার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত এবং আর্থিক দিক তুলে ধরেছেন। দক্ষিণ ভারতের বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেতা দাবি করেছেন, তিনি মন্ত্রী হতে চাননি।
সুরেশ গোপী বলেন, “আমি সিনেমা ও অভিনয় ছেড়ে মন্ত্রী হতে চাইনি। নির্বাচনের একদিন আগেও আমি সাংবাদিকদের বলেছিলাম, আমি মন্ত্রী হতে চাই না।”
এরপর তিনি তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের সবচেয়ে চাঞ্চল্যকর কারণটি প্রকাশ করেন: “আমি অভিনয় চালিয়ে যেতে চাই। আমার আরও অনেক টাকার প্রয়োজন। আমার রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।”
বিশেষজ্ঞদের একাংশের মতে, এই মন্তব্য সুরেশ গোপীর রাজনৈতিক অপরিপক্বতা এবং দ্রুত মোহভঙ্গের ইঙ্গিত দিচ্ছে।
সুরেশ গোপী শুধু নিজে পদত্যাগ করার ইচ্ছাই দেখাননি, তিনি তাঁর নিজের জায়গায় বর্ষীয়ান নেতা সি সদানন্দন মাস্টারকে মন্ত্রী করার সুপারিশও করেছেন। আপাতদৃষ্টিতে এটি প্রবীণ নেতার প্রতি সম্মান প্রদর্শনের চেষ্টা বলে মনে হলেও, দলের প্রতি এই বার্তা রাজনৈতিক মহলে দ্বিধা সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, এই সদানন্দন মাস্টার একজন প্রবীণ বিজেপি নেতা। তিনি কুন্নুর জেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত। ১৯৯৪ সালে রাজনৈতিক হিংসায় তাঁর দুই পা বাদ যায়। চলতি বছরের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন।
ইতিহাস গড়া বিজেপি সাংসদের এমন বেফাঁস মন্তব্য এবং মন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনার সৃষ্টি করেছে।