‘গোটা জাতিকে নাড়া দিয়েছে…’, বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা, সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

TVK প্রধান বিজয়ের সভায় পদপিষ্টে ৪১ জনের মৃত্যু: কারুর-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, তদারকি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি
তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজ়হাগম (TVK) প্রধান বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ২৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হওয়া ওই সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল এবং শতাধিক মানুষ আহত হন।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। পাশাপাশি, আদালত তদন্তে তদারকির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও নিযুক্ত করেছে।
তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই কমিটিতে দু’জন আইপিএস অফিসার থাকবেন। তাঁরা তামিলনাড়ু ক্যাডারের হতে পারেন, তবে রাজ্যের স্থানীয় বাসিন্দা হওয়া চলবে না। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে এই মর্মান্তিক ঘটনা ‘জাতীয় বিবেককে নাড়া দিয়েছে’।
কী ঘটেছিল কারুরের জনসভায়?
জানা গেছে, তামিলাগা ভেটরি কাজ়াগম (TVK)-এর জনসভার জন্য মাত্র ১০ হাজার লোককে জমায়েতের অনুমতি ছিল। কিন্তু শুধুমাত্র সুপারস্টার বিজয়কে দেখতে সেখানে ৩০ হাজারেরও বেশি মানুষ ভিড় করেন। দুপুর আড়াইটের পরিবর্তে বিজয় সেখানে পৌঁছন সন্ধে নাগাদ। প্রচুর ভিড় এবং হুড়োহুড়ির কারণেই পদপিষ্টের মতো মর্মান্তিক ঘটনাটি ঘটে। জনসভা আয়োজনের অনুমতি সংক্রান্ত ত্রুটি এবং অতিরিক্ত ভিড়ের কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ উঠেছে।