ফিফার ব্যানের খাঁড়া কাটল! অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে পাস হলো AIFF-এর নতুন সংবিধান, স্বস্তিতে ভারতীয় ফুটবল

দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্বস্তি ফিরল ভারতীয় ফুটবলে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিশেষ সাধারণ সভায় নতুন সংবিধানকে (AIFF Passes New Constitution) স্বীকৃতি দেওয়া হলো। এর আগে ফিফা (FIFA) স্পষ্ট জানিয়েছিল, আগামী ৩০ অক্টোবরের মধ্যে ফেডারেশনের কার্যকর কমিটিকে অবশ্যই এই নতুন সংবিধান পাস করাতে হবে। অবশেষে সেই নির্দেশ মেনেই কাজ সম্পন্ন হলো।
২০১৭ সাল থেকে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির বিষয়টি থমকে ছিল। এর জেরেই ২০২২ সালে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। নতুন সংবিধান আটকে থাকায় ফের ফিফার তরফে নির্বাসনের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানকে স্বীকৃতি দেওয়ায় অবশেষে সেই আশঙ্কা কাটলো। কাজেই, আর নতুন করে ফিফার তরফে ব্যান হতে হচ্ছে না AIFF-কে।
তবে এই নতুন সংবিধান দুটি ধারা বাদ দিয়েই পাস হয়েছে। ফেডারেশনের নতুন সংবিধানে ২৫.৩-এর দুটি ধারায় বলা রয়েছে, যদি কেউ ফেডারেশন কমিটির সদস্য হন, তবে তাঁকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে। কিন্তু বাস্তবে ফেডারেশনের বর্তমান কার্যকর কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সহ বেশ কয়েকজন পরিচিত সদস্যই রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি। এই কারণেই উল্লিখিত দুটি ধারা নিয়ে সমস্যা তৈরি হওয়ায় তা বাদ দিয়েই সংবিধান পাস করানো হয়। যদিও এই দুই ধারা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের, এবং আগামীকাল (সোমবার) এ সংক্রান্ত বিষয়ে তাঁর সিদ্ধান্ত জানানোর কথা।