একসঙ্গে ৩ ট্রেন ধরতে গিয়ে চরম হুড়োহুড়ি! বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত অন্তত ১০ জন, নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

রবিবার পূর্ব বর্ধমানের (Bardhaman) বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্টেশনটিতে যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে একযোগে তিনটি ট্রেন এসে পৌঁছায়। চারটি প্ল্যাটফর্মে ছিল বর্ধমান-হাওড়া লোকাল, ছয় নম্বরে রামপুরহাট লোকাল এবং সাত নম্বরে আসানসোল লোকাল। একসঙ্গে তিনটি ট্রেন ধরার জন্য যাত্রীরা দ্রুত এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ফুটওভার ব্রিজের দিকে ছুটতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, “সিঁড়িটি খুব ছোট। একই সময়ে তিনটি ট্রেন ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ায় চাপ আরও বেড়ে যায়। সেই চাপের কারণে কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন।”

যদিও রেল সূত্রের খবর, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবুও এই ঘটনা বর্ধমান স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি করেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। যাত্রীদের অভিযোগ, সংকীর্ণ সিঁড়ি এবং পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাবের কারণেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। তিনি রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। বিধায়ক বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রেলের প্রথম দায়িত্ব।” রেল প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে।