মাদাগাস্কারে গণঅভ্যুত্থানের আশঙ্কা! GenZ বিক্ষোভের মাঝে আন্দোলনকারীদের পাশে সেনার একাংশ, উদ্বেগ প্রেসিডেন্টের

ভারত মহাসাগরের কাছে অবস্থিত আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ক্রমেই বাড়ছে GenZ বিক্ষোভ, যা এবার গণঅভ্যুত্থানের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের মাঝে এবার সামরিক বাহিনীর একাংশ আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা নিজে আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করেছেন, এই আফ্রিকান দ্বীপরাষ্ট্রে বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে। তিনি একটি বিবৃতি জারি করে বলেন, “কিছু মানুষ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। অনেকেই রয়েছেন যারা অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করতে চান। যা দেশের জন্য আদতেই হুমকি।”

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গত শনিবার দেশের এলিট সামরিক ইউনিট ক্যাপস্যাটের (CAPSAT) সদস্যরা অন্যান্য সামরিক কর্মীদের নির্দেশ উপেক্ষা করে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। উল্লেখ্য, এই ইউনিটটি ২০০৯ সালের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

একদিন পর রবিবার ক্যাপস্যাটের কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, “আমরা দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছি। একই সাথে জেনারেল ডেমোস্থেনে পিকুসালকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।”

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট অ্যান্ড্রি সকলকে এই সংকট থেকে সমাধানের পথ খুঁজে বের করতে ঐক্যবদ্ধ থেকে আইন এবং দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। যদিও শনিবার রাতে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল, মাদাগাস্কারের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং আপাতত সবটাই নিয়ন্ত্রণে।