আর রোদ-বৃষ্টি নয়! এয়ারপোর্ট-স্টেশনের মতো ঝাঁ-চকচকে AC যাত্রী প্রতীক্ষালয় পেল রাজ্য, খরচ জানলে চমকে যাবেন!

আর রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে বাসের জন্য অপেক্ষা করতে হবে না। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রাণকেন্দ্র তেমাথানিতে অত্যাধুনিক সুবিধাযুক্ত একটি শীততাপ নিয়ন্ত্রিত (AC) বাস যাত্রী প্রতিক্ষালয়ের উদ্বোধন করা হলো। ঝাঁ চকচকে এই প্রতিক্ষালয়টি দেখতে অনেকটা এয়ারপোর্ট বা রেল স্টেশনের শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং লাউঞ্জের মতো।
পূর্ত দফতরের উদ্যোগে প্রায় ৯৫ লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি করা হয়েছে। এই প্রতিক্ষালয়টিতে যাত্রীদের জন্য একাধিক সুবিধা রয়েছে। শীততাপ নিয়ন্ত্রণের পাশাপাশি এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচালয়-সহ বিভিন্ন আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।
পূর্ত দফতরের এই উদ্যোগের ফলে সবং ব্লকের তেমাথানি এলাকায় যাতায়াতকারী যাত্রীরা ব্যাপক সুবিধা পেলেন। তেমাথানির ওপর দিয়ে পটাশপুর, এগরা, কাঁটাখালি, নারায়নগড়, পিংলা, ডেবরা এবং মেদিনীপুর রুটের বহু বাস যাতায়াত করে। প্রায় দুই বছর ধরে এই প্রতিক্ষালয়ের কাজ চলার পর অবশেষে সাধারণ যাত্রীদের জন্য এটি খুলে দেওয়া হয়েছে।
পুজোর সময় রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে এই শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়ের উদ্বোধন করেন। একসঙ্গে প্রায় ৩০ জনেরও বেশি মানুষ এই প্রতিক্ষালয়ে আরামে বসে বাসের জন্য অপেক্ষা করতে পারবেন। এমন একটি অত্যাধুনিক ব্যবস্থা পাওয়ায় বাস যাত্রীরা স্বভাবতই খুশি এবং তাঁরা মন্ত্রী ও পূর্ত দফতরকে ধন্যবাদ জানিয়েছেন।