‘ভিডিও বিকৃত হতে পারত’! বিক্রম ভাটের আন্ধেরির অফিসে ভয়াবহ চুরি, দুই কর্মীকে ধরে যা জানাল ভারসোভা পুলিশ

বলিউডের পরিচিত পরিচালক বিক্রম ভাট এবার এক বড় বিপদের মুখে। মুম্বইয়ের আন্ধেরিতে তাঁর প্রযোজনা সংস্থার অফিস থেকে একাধিক ব্যক্তিগত হার্ড ডিস্ক ও মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ এনেছেন তিনি। পরিচালকের বিশ্বাস, এই চুরির কাজটি তাঁর সংস্থারই দুই কর্মী করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই জিতেন্দ্র শর্মা এবং রাকেশ পানিগ্রাহী নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারসোভা থানার পুলিশ। বিক্রম ভাট ও তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিচালক জানিয়েছেন, গত মার্চ মাস থেকে তাঁর অফিস থেকে একের পর এক হার্ড ডিস্ক নিখোঁজ হতে থাকে। পরিচালকের সন্দেহ হয়, এই হার্ড ডিস্কগুলোতে থাকা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ শুটিং ফুটেজ গোপনে সরিয়ে নিয়ে বিক্রি করা হচ্ছে। বিক্রম ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাটের দাবি, এই ফুটেজগুলো বিকৃতভাবে ব্যবহার করা হতে পারে।
প্রথমেই সন্দেহ যায় অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীর উপর। তাঁকে নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়। তদন্তে জানা যায়, রাকেশ ও জিতেন্দ্র মিলেই হার্ড ডিস্কগুলো সরিয়ে নিচ্ছেন।
১৩ সেপ্টেম্বর জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, রাকেশের নির্দেশে প্রায় ১০টি হার্ড ডিস্ক তাঁরা বিক্রি করেছেন। প্রতিটি ডিস্ক থেকে তাঁদের আয় হয়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা করে। পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন দুই অভিযুক্ত নিজেদের ফোন সুইচ অফ করে গা-ঢাকা দেন। এরপরই পুলিশে অভিযোগ জানান বিক্রম ভাট। পুলিশ তদন্ত শুরু করে এবং গা-ঢাকা দেওয়া দুই অভিযুক্তকেই দ্রুত গ্রেফতার করে।
বিক্রম ভাটের মতে, চুরি যাওয়া হার্ড ডিস্কগুলিতে থাকা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর, এবং সেগুলি বাইরে চলে যাওয়া মানে তাঁর আগামীর চলচ্চিত্র প্রজেক্টগুলির বড় ধরনের ক্ষতি। পুলিশ এই চুরির পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখছে।