“গাজায় যুদ্ধ থেমে গিয়েছ”-গাজা শান্তি চুক্তির আগে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির পর প্রথমবার ইজরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘আপনারা সকলে বুঝে নিন, যুদ্ধ থেমে গিয়েছে।’ সোমবার তিনি ইজরায়েলের নেসেটে বক্তব্য রাখবেন এবং তারপর মিশরের শর্ম এল-শেখে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।
এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমার মনে হয়ে এবার সব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে।” তিনি ইসরায়েল-হামাস যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার জন্য কাতারকে বিশেষ কৃতিত্ব দেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও ‘খুব ভালো কাজ করেছেন’ বলে প্রশংসা করেন।
ডোনাল্ড ট্রাম্প আরও জানান, গাজায় শান্তি চুক্তি স্বাক্ষরের আগেই হামাস সম্ভবত কয়েকজন ইজরায়েলি যুদ্ধবন্দিকে মুক্তি দিতে পারে। তাঁর কথায়, “সকলেই খুব খুশি। ইহুদি হোক বা মুসলিম কিংবা আরব দেশগুলি। ইজরায়েল থেকে আমরা ইজিপ্টে যাব। বড় বড় দেশের সমস্ত নেতাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। প্রত্যেকেই এই চুক্তিতে রয়েছেন।”
ঐতিহাসিক শান্তি চুক্তি: মিশর-সম্মেলনে ভারত
আমেরিকা, ইজিপ্ট, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় রবিবার হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর তৃতীয় দিন ছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই যুদ্ধবিরতির মাধ্যমে অবশেষে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
লোহিত সাগরের পাড়ে ইজিপ্টের শর্ম এল-শেখ রিসর্ট সিটিতে সোমবার এই শান্তি প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করবেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি এবং ডোনাল্ড ট্রাম্প। ২০টি দেশের তাবড় নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে শান্তি চুক্তি এবং গাজায় যুদ্ধ পরবর্তী সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। জানা গিয়েছে, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, তুরস্ক, জর্ডন, সৌদি আরব এবং ভারতের প্রতিনিধিরা যোগ দেবেন। রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরাস এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টাও উপস্থিত থাকবেন। প্যালেস্তাইন অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে, তবে হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবে না।
ভারতের তরফে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ প্রধানমন্ত্রীর দূত হয়ে এই সম্মেলনে যাচ্ছেন। যদিও দিল্লি থেকে সরকারিভাবে এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।