এই নম্বর না থাকলে টোটো আর নামবে না রাস্তায়, বড় পদক্ষেপ নিলো রাজ্য সরকার

টোটো এবং ই-রিকশার কারণে শহর ও শহরতলিতে তীব্র যানজট এবং দুর্ঘটনার হার বাড়ার দীর্ঘদিনের অভিযোগের রাশ টানতে অবশেষে কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ঘোষণা করেছেন, এখন থেকে সমস্ত অননুমোদিত ই-রিকশা বা টোটোকে পরিবহন দফতরের কাছে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি অস্থায়ী টোটো তালিকাভুক্তি নম্বর (TTEN) সংগ্রহ করতে হবে।

মন্ত্রীর মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল বিশৃঙ্খলভাবে চলা অননুমোদিত টোটোগুলিকে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা, যাতে তারা বৈধভাবে রাস্তায় চলাচল করতে পারে। একই সঙ্গে, পুরোনো টোটো মালিকদের জন্য দু’বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের পুরোনো টোটো বদলে নতুন অনুমোদিত ই-রিকশা চালু করতে হবে।

৩০ নভেম্বরের মধ্যে তালিকাভুক্তি, থাকছে QR কোড

পরিবহন দফতর সূত্রে জানা গেছে, কলকাতা সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক টোটো কোনো রেজিস্ট্রেশন ছাড়াই চলছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত অননুমোদিত ই-রিকশাকে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় পরিবহন দফতরকে স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েত দফতর সহযোগিতা করবে।

তালিকাভুক্তির সময় প্রতিটি টোটোর জন্য ১,০০০ টাকা ফি জমা দিতে হবে, যার বৈধতা থাকবে ছয় মাস। এরপর বৈধতা বজায় রাখতে প্রতি ছয় মাসে ১০০ টাকা নবীকরণ ফি জমা দিতে হবে।

তালিকাভুক্ত টোটো মালিকদের একটি QR কোড যুক্ত সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটে মালিকের নাম, ঠিকানা, রুট ও এলাকার সম্পূর্ণ বিবরণ সংরক্ষিত থাকবে। এই সমস্ত তথ্য একটি নির্দিষ্ট পোর্টালে রাখা হবে, যা বাজারে আসা নতুন অননুমোদিত টোটোগুলি শনাক্ত করতে এবং কঠোর নজরদারি বজায় রাখতে রাজ্যকে সাহায্য করবে।