ঋণের কিস্তি আদায়ের নাম করে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার হলেন ব্যাঙ্ককর্মী

ঋণের কিস্তি আদায়ের নাম করে এক বিবাহিত মহিলাকে লাগাতার ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে এক ব্যাংককর্মীকে গ্রেফতার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের হওয়ার প্রায় দেড় মাস পর পুলিশ অভিযুক্ত সাগর মণ্ডলকে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে এসেছে।
জানা গিয়েছে, শিলিগুড়ি নগর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিবাহিতা মহিলা অর্থনৈতিক সংকটে থাকাকালীন অভিযুক্ত সাগর মণ্ডলের মাধ্যমে একটি ব্যাংক থেকে ৩০,০০০ টাকার ঋণ নেন। অভিযুক্ত সাগর মণ্ডল নিয়মিত দুই মাস ধরে ওই মহিলার বাড়িতে গিয়ে ঋণের কিস্তি আদায় করত।
মহিলার অভিযোগ, গত ২৩ মার্চ সাগর মণ্ডল তাকে ফোন করে ভক্তিনগর থানার অন্তর্গত জ্যোতিনগর এলাকায় কিস্তি দেওয়ার জন্য ডাকে। সেখানে পৌঁছালে সাগর তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করে নেয়। এরপর ওই ভিডিও দেখিয়ে ভয় দেখিয়ে সাগর মণ্ডল বারবার মহিলাকে ধর্ষণ করতে থাকে।
ঘটনার পর সামাজিকভাবে হেয় হওয়ার ভয় এবং আতঙ্কের কারণে মহিলা দীর্ঘ দিন বিষয়টি গোপন রাখেন। অবশেষে সাহস সঞ্চয় করে গত ৬ আগস্ট শিলিগুড়ি মহিলা থানায় সাগর মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত তখন থেকেই পলাতক ছিল।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অভিযান চালিয়ে সাগর মণ্ডলকে গ্রেফতার করে। শিলিগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে ধর্ষণের মামলায় শিলিগুড়ি আদালতে পেশ করে। আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।