সাইকেল নিয়ে বচসা! সোনারপুরে গণপিটুনি, মৃত্যু যুবকের, গ্রেফতার তৃণমূল নেতা

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নিহত ব্যক্তির নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারপুর থানার অন্তর্গত শীতলা এলাকায় বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিত মণ্ডল স্থানীয় দোকানদার সন্তোষ জানা-র কাছ থেকে অসুস্থ ব্যক্তির জন্য ওষুধ আনার কথা বলে একটি সাইকেল ধার নেন। কিন্তু প্রায় দু’ঘণ্টা পরেও সাইকেল ফেরত না দেওয়ায় সন্তোষবাবু কৈফিয়ত চান। দোকান মালিকের অভিযোগ, রঞ্জিত তখন সাইকেল নেওয়ার কথা অস্বীকার করে উল্টে তাঁকে গালাগালি শুরু করেন।

এই বচসার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, নারায়ণ রায়ও রঞ্জিতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।

পুলিশ সূত্রে খবর, এরপরই রঞ্জিতকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে প্রথমে সুভাষগ্রাম হাসপাতাল এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়-সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারপুর থানার পুলিশ নারায়ণ রায়কে গ্রেফতার করলেও বাকি অভিযুক্তরা এখনও পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

গণপিটুনির এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চরম ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।