‘বৈধ ভোটারের নাম বাদ যাবে না’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মাঝেই বড় আশ্বাস দিলেন রাজ্যের সিইও

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাতে আর মাত্র কয়েকমাস বাকি। তার আগেই রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর (SIR-Special Intensive Revision) প্রক্রিয়া। সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখতেই পশ্চিমবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের চার সদস্যের উচ্চপর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধিদল। এই আবহে গতকাল, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে SIR নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বৈধ ভোটারদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

গতকাল কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় প্রতিনিধিদল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “রাজ্যে SIR হলে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।” তিনি জোর দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ নির্দেশ যেন রাজ্যের সমস্ত স্তরের নির্বাচন কর্মীদের কাছে পরিষ্কারভাবে পৌঁছায়।

তবে এর মাঝেই রাজ্যের সিইও-র ‘অতি সক্রিয়তা’ নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের সিইও নাকি নানা দুর্নীতিতে অভিযুক্ত।

গতকাল বিকেলে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিহারে (এসআইআর) করতে পেরেছিলেন। কারণ, ওখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে পরিস্থিতি আলাদা।” তিনি সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সতর্ক করে বলেন, “এসআইআরের নাম করে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে কড়া পদক্ষেপ করা হবে।”

এছাড়াও ১৫ দিনের মধ্যে এসআইআরের প্রস্তুতি করার জন্য নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত, এর আগেও SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ার করে বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও করবেন।

তবে এটা স্পষ্ট যে বিহারে যে ফর্মুলায় SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই একই ফর্মুলা এবার পশ্চিমবঙ্গেও প্রয়োগ হবে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতেই হবে। নির্দেশ অমান্য হলে আইনি ব্যবস্থা নিতে কমিশন পিছপা হবে না।” যদিও কবে থেকে রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে কমিশনের আধিকারিকেরা এখনও কোনো চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেননি।