ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে অনুষ্ঠান বাতিল, ‘কর্তৃপক্ষকে দোষ দিই না’, খড়্গপুরের রঙের কারখানা নিয়ে কীসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার খড়্গপুরে বহুজাতিক বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ঘোষণা করার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সেই কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এই অনুষ্ঠান বাতিল হওয়ার নেপথ্যে ‘বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ’ রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জানান, “গতকাল আমি ঘোষণা করেছিলাম বিড়লা ওপাশের রং কারখানা আমি উদ্বোধন করব। সবকিছু প্রস্তুত ছিল। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে আমার কাছে একটি বার্তা আসে।”

‘হুমকি দেওয়া হচ্ছে, ভয়ানক ব্যাপার’
কারখানা কর্তৃপক্ষকে দোষ না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখানে কর্তৃপক্ষকে দোষ দিতে চাই না। কিন্তু এই গোষ্ঠীর কর্ণধারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আমার কাছে চিঠি আসে। তাঁরা জানায় তাই এই কর্মসূচি আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিতে হচ্ছে।”

কিন্তু এরপরই মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন, তা সরাসরি কেন্দ্রের শাসকদলের দিকে ইঙ্গিত করে। মমতা বলেন, “আমার তো মনে হয়, এটা হাইলোডেড ভাইরাসের কাজ। সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। ভয়ানক ব্যাপার। এরাই আবার গণতন্ত্রের বড় বড় কথা বলে।” এদিন তিনি ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলের বাধার মুখে পড়ার ঘটনাও তুলে ধরেন।

মুখ্যমন্ত্রীর এই ‘হাইলোডেড ভাইরাস’ মন্তব্যের নেপথ্যে কেন্দ্রীয় শাসকদলের হস্তক্ষেপ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই বিষয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।

বাংলায় ১০০০ কোটির বিনিয়োগে সংশয়
প্রায় ৮০ একর জমির উপর ১০০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠছিল এই রঙের কারখানা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, এই কারখানা চালু হলে প্রায় ২ হাজার জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। এই গোষ্ঠীর অধীনস্থ আল্ট্রাটেক সিমেন্টের (UltraTech Cement) পক্ষ থেকেও রাজ্যে একটি নতুন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট স্থাপন করার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশ নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।