নাগরাকাটার ‘জবাব’ ত্রিপুরায়? বিজেপি পার্টি অফিস ভাঙচুরের পাল্টায়, কুণালদের ধর্নায় উত্তপ্ত আগরতলা বিমানবন্দর!

নাগরাকাটায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা নিয়ে কড়া বার্তা দিতে ত্রিপুরায় পৌঁছল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল। হামলার তীব্র নিন্দা করেও এদিন বাংলা শাসক শিবির বিজেপির (BJP) দিকেই আঙুল তুলেছে। পাশাপাশি, ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেতারা।
নাগরাকাটার ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় বিজেপি যে মিছিল বের করেছিল, সেই মিছিল থেকেই তৃণমূলের পার্টি অফিসে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সোচ্চার হওয়ার পরই তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরায় পৌঁছায়।
‘ত্রিপুরায় দক্ষিণী সিনেমার মতো সন্ত্রাস’
প্রতিনিধি দলের অন্যতম সদস্য কুণাল ঘোষ (Kunal Ghosh) আগরতলা থেকে বিজেপির কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “অতীতে এমন ঘটনা ত্রিপুরায় বারবার ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুস্মিতা দেব—সকলের কনভয় আটকানো হয়েছে, হামলা হয়েছে। এখানে পুরো দক্ষিণী সিনেমার মতো সন্ত্রাস হয়।” কুণালের অভিযোগ, গাড়িচালক থেকে শুরু করে হোটেল কর্তৃপক্ষ সকলকে ভয় দেখানো হয় এবং রাতে পুলিশ দিয়ে মারার চেষ্টাও হয়েছে আগে।
নাগরাকাটার নিন্দাতেও বিজেপিকে কড়া বার্তা
নাগরাকাটার ঘটনাকে তৃণমূল সমর্থন করে না, সে কথা এদিন স্পষ্টভাবে জানানো হয়। কুণাল ঘোষরা বলেন, সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে না করেন। তবে এই নিন্দার পরই তাঁরা বিজেপিকে তুলোধোনা করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আহতদের দেখতে গেলেন, তারপরও ত্রিপুরায় এভাবে আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। নাগরাকাটার ঘটনা কেন ঘটল, তা বিজেপিকেই বুঝতে হবে।”
বিমানবন্দরে নাটক, ধর্নায় প্রতিনিধি দল
বুধবার অবশ্য আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছতেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রতিনিধি দলের সদস্য কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, সুদীপ রাহা—সহ ছ’জনের দলটি পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে বিমানবন্দর চত্বরেই ধর্নায় বসে পড়েন।
অভিযোগ ওঠে, সফরের বিস্তারিত তথ্য আগেই ত্রিপুরা পুলিশকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও বিমানবন্দর থেকে বের হওয়ার সময়ই প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়। এই ঘটনায় ত্রিপুরায় তৃণমূল-বিজেপি সংঘাত আরও চরমে পৌঁছাল।