রাজ্যে ১০০০ কোটির বিনিয়োগ! বিদ্যাসাগর পার্কে আদিত্য বিড়লার বিশাল রঙের কারখানা, উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগে (₹১০০০ কোটি) তৈরি হওয়া আদিত্য বিড়লা (Aditya Birla Group)-এর বিশাল রঙের কারখানার উদ্বোধন করতে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খড়গপুর-২ ব্লকের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় ৮৬ একর (৮৫.৭৯ একর) জমিতে গড়ে উঠেছে এই অত্যাধুনিক শিল্প প্রকল্প।

এই বিশাল শিল্প উদ্যোগ ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় মানুষজন। প্রশাসন সূত্রে খবর, কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। এর মাধ্যমে খড়গপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর আগমন নিশ্চিত, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
মঙ্গলবার দুপুর নাগাদ প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রীর আগমন চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পরেই জেলায় তৎপরতা শুরু হয়ে যায়। কারখানা উদ্বোধনে আদিত্য বিড়লা গ্রুপের শীর্ষ কর্তারাও উপস্থিত থাকবেন।

মুখ্যমন্ত্রীর আগমন নিশ্চিত হতেই বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ শীর্ষ মহলের কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান। জেলাশাসক খুরশিদ আলি কাদেরি এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা কারখানা চত্বর ও সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন।

হেলিকপ্টারে খড়গপুর, বৈঠকের প্রস্তুতি
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারেই খড়গপুর পৌঁছাতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বা পরে তিনি জাতীয় সড়কের পাশের একটি বেসরকারি হোটেলে প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকও করতে পারেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ওই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে এবং গোটা এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

উৎসাহিত তৃণমূল শিবির
মুখ্যমন্ত্রীর এই শিল্প উদ্বোধনে আসার খবরে তৃণমূল শিবিরেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, “গত শুক্রবারই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই উদ্বোধনে আসতে পারেন। মেদিনীপুরকে তিনি অত্যন্ত ভালোবাসেন, তাই তিনি প্রায়ই এখানে আসেন।” অন্যদিকে, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি বলেন, “মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এই কারখানার ফলে এলাকার বহু ছেলে-মেয়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

প্রসঙ্গত, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার দুপুরে সরকারিভাবে সব নিশ্চিত হওয়ার পর বিজয়ার পর রাজ্যে মুখ্যমন্ত্রীর এই প্রথম বড় শিল্প উদ্যোগের উদ্বোধনকে কেন্দ্র করে খড়গপুর ও পশ্চিম মেদিনীপুরে এখন সাজো সাজো রব।