‘আমি না গেলে কী করবেন?’ বিনা টিকিটে ভ্রমণ করে ‘দাদাগিরি’ শিক্ষিকার! শেষে যা ঘটলো….

যাত্রী সুরক্ষা ও সচেতনতা বাড়াতে রেল কর্তৃপক্ষ যখন কঠোর পরিশ্রম করে চলেছে, তখনই এক সরকারি শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীন আচরণের ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়। বিনা টিকিটে ভ্রমণ করার সময় বিহারের ওই শিক্ষিকা এক টিকিট পরীক্ষকের (টিটি) হাতে ধরা পড়েন। কিন্তু টিকিট দেখতে চাওয়ায় তিনি রেলকর্মীর সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন এবং ট্রেন থেকে নামতে অস্বীকার করেন।

ভিডিওটি নিজেই রেকর্ড করেন ওই টিটি। কর্তব্যে অবিচল থেকে তিনি শিক্ষিকাকে সাফ জানিয়ে দেন, “হয় টিকিট দেখান, নয়তো ট্রেন থেকে নেমে যান।” ভিডিওতে টিটি-কে বলতে শোনা যায়, অভিযুক্ত মহিলা বিহারের এক জন স্কুলশিক্ষিকা হওয়া সত্ত্বেও এমন অনৈতিক আচরণ করছেন।

তবে নিজের ভুল স্বীকার করার বদলে ওই শিক্ষিকা ক্রমাগত তর্ক চালিয়ে যান এবং অভিযোগ করেন, “আপনি আমাকে হেনস্থা করছেন।”প্রথমে ওই শিক্ষিকা টিটি-কে উপেক্ষা করে ফোনে ব্যস্ত থাকার ভান করেন।রেলকর্মী নিজের অবস্থানে অনড় থাকলে ওই মহিলা উঠে দাঁড়িয়ে টিটি-র ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।টিটি তাঁকে ধমক দিয়ে ফোন স্পর্শ করতে বারণ করেন।এরপরেও ওই শিক্ষিকা নিজের দোষ ঢাকতে বলে ওঠেন, “এক জন মহিলাকে আপনি হেনস্থা করছেন। আর আমি না গেলে কী করবেন?”এতকিছুর পরেও রেলকর্মী নিজের সংযম হারাননি। শেষ পর্যন্ত ওই মহিলাকে ট্রেন থেকে নামতে বাধ্য করেন তিনি।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা ওই শিক্ষিকার আচরণের তীব্র সমালোচনা করে মন্তব্য করেছেন, “নিজে বিনা টিকিটে ঘুরছেন, অথচ সারাদিন অন্যকে জ্ঞান দিয়ে বেড়ান।” অনেকে পরামর্শ দিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের উচিত এমন আচরণের জন্য স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা।

নেটিজেনদের একাংশ শিক্ষিকার আচরণকে নিন্দনীয় বললেও, রেলকর্মীর ভূমিকা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেছেন। সমস্ত রকম উস্কানি সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন এবং নিয়ম লঙ্ঘনকারী যাত্রীকে কোচ থেকে নামিয়ে দিয়েছেন।