পিকনিকে তুমুল হুল্লোড়, তারপরই সর্বনাশ! বাঁধের জলে তলিয়ে গেল একই পরিবারের ৭ সদস্য!

পিকনিকে হুল্লোড়ের মাঝেই চরম বিপত্তি। হুল্লোড় শেষে আর বাড়ি ফেরা হলো না একটি পরিবারের একাধিক সদস্যের। পিকনিকের মাঝেই বাঁধের জলে তলিয়ে গেলেন একই পরিবারের সাতজন সদস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কর্ণাটকের তুমাকুরুতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কোনাহাল্লি বাঁধের ধারে প্রায় ১৫ জনের একটি দল পিকনিকে গিয়েছিল। পুলিশ আধিকারিক অশোক কেভি জানিয়েছেন, এঁদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু বাঁধের জলে নেমে ছবি তুলছিলেন। অভিযোগ, ঠিক তখনই বাঁধে জল ছাড়া হয়। ক্রমেই জলস্তর বাড়তে থাকে এবং জলের তোড়ে সাতজন মুহূর্তের মধ্যে ভেসে যান।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। কয়েক ঘণ্টা চেষ্টার পর নওয়াজ নামের এক যুবককে উদ্ধার করা গেলেও, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি চারজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।