আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক! সমুদ্র গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী!

আইআইটি খড়গপুরের জন্য এক নতুন গর্বের মুহূর্ত! প্রতিষ্ঠানের সেন্টার ফর ওশান, রিভার্স, অ্যাটমোস্ফেয়ার অ্যান্ড ল্যান্ড (CORAL)-এর বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী পাচ্ছেন আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন (AGU)-এর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার।

অধ্যাপক চক্রবর্তী এই পুরস্কার গ্রহণ করবেন আগামী ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে আয়োজিত AGU-এর বার্ষিক অনুষ্ঠানে, যা ১৫ থেকে ১৯ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে। বুধবার আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

ভারতের তৃতীয় বিজ্ঞানী:

আইআইটি খড়গপুরের ইতিহাসে নতুন গৌরব সৃষ্টি করা অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী হলেন ভারতের তৃতীয় বিজ্ঞানী যিনি AGU-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন। এর আগে ২০০৭ সালে উপ্পুগুন্ডুরি অস্বথানারায়ণ এবং ২০২২ সালে শরথ গুট্টিকুন্ডা এই সম্মান পেয়েছিলেন।

যে কারণে এই পুরস্কার:

অধ্যাপক চক্রবর্তীর এই সম্মানের পেছনে রয়েছে সমুদ্রের জৈব ভূ-রসায়ন, ট্রেস ধাতু প্রজাতিকরণ (Trace Metal Speciation) এবং জলবায়ু-সমুদ্র প্রক্রিয়ার ওপর তাঁর যুগান্তকারী গবেষণা। প্রকৃতির উপর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার প্রভাব ও এর মলিকিউল নিয়ে দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করছেন। তাঁর কাজে জলবায়ু পরিবর্তনের দিকগুলিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

সম্মিলিত প্রচেষ্টার ফল:

নিজের এই স্বীকৃতি প্রসঙ্গে অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী বলেন, “এজিইউ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্ব এবং অনুপ্রেরণার বিষয়। এটি আইআইটি খড়গপুরের CORAL টিমের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফল।”

আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “অধ্যাপক চক্রবর্তী আমাদের গর্বিত করেছেন। তাঁর গবেষণা মৌলিক বৈজ্ঞানিক বোঝাপড়াকেই এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমুদ্রের স্বাস্থ্য ও উন্নয়নের উপর বিশ্বব্যাপী আলোচনাকেও পরিচালিত করে।”

প্রসঙ্গত, মেরিন বায়োজিওকেমিস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞানে বিশেষ গবেষণামূলক কাজের জন্য অধ্যাপক চক্রবর্তী এর আগেও বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার (২০১৮), জাতীয় ভূ-বিজ্ঞান পুরস্কার (২০১৩) এবং এম.এস কৃষ্ণন স্বর্ণপদক (২০১৫)। শিলিগুড়ির উত্তর ভারতনগরের শিক্ষক পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা।