নতুন মরসুমের আগেই বাজিমাত বেঙ্গালুরু এফসির! দলে এলেন আর্জেন্টিনা কাঁপানো তারকা মিডফিল্ডার

গত মরসুমে ডুরান্ড কাপ এবং আইএসএলে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে হতাশ হতে হয়েছিল বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC)। সেই হতাশা ভুলে নতুন ফুটবল সিজনে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে দলের সাফল্য নিশ্চিত করতে এবার কোমর বেঁধে নেমেছে ম্যানেজমেন্ট। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এবার বড় চমক দিল কর্নাটকের এই ক্লাবটি। দলে যোগ দিলেন আর্জেন্টিনার প্রথম ডিভিশনে খেলা তারকা মিডফিল্ডার ব্রায়ান সানচেজ।

৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বেঙ্গালুরু এফসি। আসন্ন সুপার কাপেই এই ফুটবলারকে নীল জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে।

ট্রফি হাতছাড়া হওয়ার জ্বালা ভুলতে মরিয়া সুনীল ব্রিগেড
গত মরসুমে বেঙ্গালুরু এফসি শুরু থেকেই ছন্দে ছিল। কোচ জেরার্ড জারাগোজার অধীনে দল শুরুতেই জয় ছিনিয়ে নেয়। সময় এগোনোর সাথে সাথে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন এই ব্রিগেড আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যদিও নিয়মরক্ষার ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বড় ধাক্কা খেতে হয়েছিল, কিন্তু নক আউটে ৫ গোলের ব্যবধানে জিতে তার বদলা নেয় বেঙ্গালুরু।

সেমিফাইনালে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সুনীলের বিশ্বমানের গোল সমস্ত কিছু পাল্টে দেয় এবং দলকে ফাইনালে নিয়ে যায়। তবে ফাইনালে কলকাতা ময়দানের প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হয় একবারের এই খেতাব জয়ীকে, যা সমর্থকদের ব্যাপকভাবে নিরাশ করেছিল।

কে এই ব্রায়ান সানচেজ?
ব্রায়ান সানচেজ পূর্বে আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি জুন মাসেই সেই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে। দেপোর্তিভো রিয়েস্ত্রার জার্সিতে তিনি একাধিক ম্যাচ খেলেছেন এবং গোলও করেছেন কয়েকটি। সেই চুক্তি শেষ হওয়ার পর থেকেই ভারতীয় এই ফুটবল ক্লাব তাঁকে দলে টানতে মরিয়া ছিল।

ব্রায়ান সানচেজের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান মিডফিল্ডারের যোগদান বেঙ্গালুরু এফসির মাঝমাঠের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছে ম্যানেজমেন্ট। আসন্ন সুপার কাপে নতুন কোচ ও নতুন তারকার সঙ্গে দারুণ পারফরম্যান্স করে ট্রফি জেতার স্বপ্ন দেখছেন বেঙ্গালুরুর সমর্থকরা।