ঘুমে আচ্ছন্ন যাত্রী, রেল পুলিশ সেজে চোর! ফোন চুরির নাটক করে চরম শিক্ষা দিলেন অফিসার, ভাইরাল ভিডিও

ট্রেনে যাত্রাপথে অসতর্কতার বিপদ কতটা গুরুতর হতে পারে, তা হাতে-নাতে বোঝাতে এক রেল পুলিশ আধিকারিকের অভিনব পন্থা নেওয়ার ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নিরাপত্তা নিয়ে যাত্রীদের সতর্ক করার এই কৌশল দেখে নেটিজেনরা যেমন অবাক, তেমনই তাঁদের হাসির খোরাক জুগিয়েছেন ওই অসতর্ক যাত্রী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক রেল পুলিশ আধিকারিক একটি স্লিপার কোচে প্রবেশ করছেন। লোয়ার বার্থে এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং তাঁর বুকপকেটেই রাখা ছিল মোবাইল ফোন।

ফোন খোয়া যাওয়ার ‘নাটক’
ওই পুলিশ আধিকারিক ধীর পায়ে ঘুমন্ত যাত্রীর কাছে এগিয়ে যান এবং নিঃশব্দে তাঁর বুকপকেট থেকে ফোনটি বের করে নেন। এরপর তাঁকে ঘুম থেকে তুলে আধিকারিক বলেন, “আপনার ফোনটি খোয়া গিয়েছে, কেউ নিয়ে নিয়েছে। মনে করতে পারছেন কোথায় রেখেছিলেন?”

এই কথা শোনা মাত্রই ওই ব্যক্তির ঘুম ছুটে যায়, তিনি তড়িঘড়ি নিজের ব্যাগপত্র ঘাঁটতে শুরু করেন। ইতিমধ্যে পুলিশ দেখে আপার বার্থের যাত্রীও উঠে বসেন।

এরপর ওই আধিকারিক ফোনটি ফিরিয়ে দিয়ে তাঁকে সতর্ক করে বলেন, “যদি বুকপকেটে ফোন রাখেন, যে কেউ তুলে নিতে পারে আর আপনি টেরও পাবেন না। ফোন সব সময় ব্যাগে বা প্যান্টের পকেটে রাখবেন।” তিনি আরও বলেন, একা যাত্রা করার সময় নিজের জিনিসের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।

শিক্ষা হয়নি যাত্রীর!
কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও ওই যাত্রী ফোনটি হাতে নিয়ে ফের নিজের সেই বুকপকেটেই রেখে দেন! বিপদ থেকে রক্ষা পেয়েও তাঁর যে কোনো শিক্ষাই হয়নি, তা তাঁর আচরণেই স্পষ্ট হয়ে যায়।

২৯ সেপ্টেম্বর শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যেই ২ কোটি ৪৪ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পোস্টটির কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্য। অনেকেই যাত্রীর কাণ্ডজ্ঞানহীনতার সমালোচনা করে লিখেছেন— “কাকা তাঁর ভুল থেকে কিছুই শিখলেন না,” আবার কেউ লিখেছেন, “ভাইটি ভুল থেকে শিক্ষা না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে।”

তবে একই সঙ্গে বহু মানুষ ওই পুলিশ আধিকারিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর কাজের প্রশংসা করে নেটিজেনরা শ্রদ্ধা জানিয়েছেন। যদিও ঘটনাটি ঠিক কবে এবং কোন ট্রেনের, তা বিস্তারিত জানা যায়নি।