৯৯ বছরের ঐতিহ্য! পুরুলিয়ায় লক্ষ্মীপুজো নয়, চলছে যেন ‘দ্বিতীয় দুর্গাপুজো’! ষষ্ঠী থেকে নবমী, ৪ দিনের উৎসবে মাতোয়ারা জঙ্গলমহল

রাজ্যজুড়ে দুর্গাপূজার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার ধনদেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে জঙ্গলমহল। পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম বড়হাটের লক্ষ্মীপুজো। ৯৯ বছরের পুরনো এই পুজোয় আয়োজন করা হয় একেবারে দুর্গাপুজোর কায়দায়—যা এটিকে জেলার অন্যান্য লক্ষ্মীপুজোগুলি থেকে আলাদা করে তুলেছে।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর আমেজ
সাধারণত লক্ষ্মীপুজো এক দিনের হলেও, বড়হাটের এই পুজো চলে টানা চার দিন ধরে। এই পুজোয় দুর্গাপুজোর মতোই একে একে পালিত হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী। এই সময় বড়হাট এলাকা কার্যত একটি মেলার চেহারা নেয়।
পুজো কমিটির সদস্য সুজিত সেন জানান, প্রতি বছরই ধুমধাম করে এই পুজো করা হয় এবং ভক্ত সমাগমে পুজো মণ্ডপ ভরে ওঠে।
জাতি-ধর্ম নির্বিশেষে ব্যবসায়ীদের উদ্যোগ
মূলত বড়হাটের ব্যবসায়ীরা মিলেই এই ঐতিহ্যবাহী পুজোর আয়োজন করেন। বড়হাট মার্কেট প্রেসিডেন্ট তথা কাউন্সিলর ফেয়জাল কমাল আশরাফ এই বিষয়ে বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যবসায়ীরা মিলে এই পুজোর আয়োজন করে থাকেন। বহু বছর ধরে এই পুজো চলে আসছে।” তিনি আরও জানান, পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সমস্ত রকম সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতেও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।
মণ্ডপে আসা এক দর্শনার্থী শ্রুতি ব্যানার্জি জানান, দুর্গাপূজার পরেই লক্ষ্মীপুজোতেও তিনি দারুণ মজা করছেন, যেন ‘ফেস্টিভ মোড’ এখনও ‘অন’ রয়েছে। সব মিলিয়ে, পুরুলিয়া শহরের বড়হাটের এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোয় আট থেকে আশি—সকলের মধ্যেই উৎসবের আনন্দ উপচে পড়ছে।