নামেই অভিনব, কাজেও অভিনব! ২৯টি দেশকে হারিয়ে জুনিয়র বিশ্বকাপে ব্রোঞ্জ জয় আসানসোলের এই ছেলের, গর্বে বুক ফুলছে বাংলার!

নাম যার অভিনব, তার কাজও যে অভিনব হবে, সেটাই যেন প্রমাণ করে দিলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের আড্ডা কলোনির ছেলে অভিনব সাউ। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন (ISSF)-এর জুনিয়র ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ পদক জিতে ঘরে ফিরলেন এই তরুণ প্রতিভা। তাঁর সাফল্যে গর্বে বুক বাঁধছে শুধু আসানসোল নয়, গোটা বাংলা।
গত ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয় এই জুনিয়র ওয়ার্ল্ড কাপ। সেখানে ২৯টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই ব্রোঞ্জ পদক জয় করেন অভিনব।
আন্তর্জাতিক স্তরে ১৫ পদক, সাফল্যের নেপথ্যে কঠোর পরিশ্রম
অভিনব সাউয়ের বাবা রুপেশ সাউ পেশায় একজন গৃহ শিক্ষক এবং রাইফেল শুটিং প্রশিক্ষক। বাবার হাত ধরেই অভিনবের এই পথে হাঁটা। তাঁর বাবা জানান, “আমরা ছেলের সাফল্যে পুরো পরিবার খুব খুশি। অভিনব অনেক পরিশ্রম করেছে। প্রত্যেকদিন চার ঘণ্টা করে প্র্যাকটিস করে।” তিনি আরও জানান, কিছুদিন আগেই কাজাখস্তানে দুটি গোল্ড মেডেল পেয়েছিল অভিনব।
বাবা রুপেশ সাউ ও আসানসোল রাইফেল ক্লাবের নিরন্তর সাহায্যেই একের পর এক সাফল্য এসেছে। অভিনব রোজ সকাল ১১টা থেকে প্রায় চার ঘণ্টা ক্লাব প্রাঙ্গণে কঠোর অনুশীলন করেন।
এই ব্রোঞ্জ পদক সহ আন্তর্জাতিক স্তরে অভিনবের ঝুলিতে এখন মোট ১৫টি পদক। এর পাশাপাশি জাতীয় স্তরেও তাঁর ২০-র বেশি পদক রয়েছে। আগামী নভেম্বর মাসে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাফল্যের জন্য চাতক পাখির মতো বুক বাঁধছে পরিবার। অভিনবের এই কঠোর পরিশ্রমই তাঁকে আর পিছনে ফিরে তাকাতে দেয়নি।