“দাড়ি রাখায় নিষেধাজ্ঞা”-আমেরিকার সেনাবাহিনীর নয়া ফরমান, জয়শঙ্করকে চিঠি বাদলের

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে দাড়ি রাখার উপরে ট্রাম্প প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করায় বিশ্বজুড়ে শিখ, মুসলিম এবং ইহুদি ধর্মাবলম্বী সেনা সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন শিরোমণি আকালি দলের সভাপতি ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।
আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামরিক বাহিনীর পরিচ্ছন্নতা ও সাজসজ্জা সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করেছেন। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সামরিক কর্তাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাহিনীতে থাকতে হলে লম্বা চুল, দাড়ি রাখা যাবে না। ব্যক্তিগত সাজসজ্জাও নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র স্পেশাল ফোর্সের সদস্যরাই এই ক্ষেত্রে ছাড় পাবেন।
হেগসেথ প্রায় ৮০০ জেনারেল, অ্যাডমিরাল ও শীর্ষ কর্তাদের সামনে দাড়িওয়ালা সেনাদের ‘বিয়ার্ডো’ বলে উপহাস করেন বলে অভিযোগ উঠেছে। এই ভাষণের কয়েক ঘণ্টা পরেই পেন্টাগন ‘গ্রুমিং স্ট্যান্ডার্ডস ফর ফেসিয়াল হেয়ার’ নামে একটি নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয়, সবাইকে ক্লিন শেভ করতে হবে। গোঁফ রাখা গেলেও তা নিয়মিত ছাঁটতে হবে।
শিখ, মুসলিম এবং ইহুদিরা তাঁদের ধর্মীয় বিশ্বাস ও প্রথা অনুযায়ী দাড়ি রাখেন। এই নতুন নির্দেশিকার জেরে তাঁদের ধর্মীয় পরিচিতি সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে সুখবীর সিং বাদল জয়শঙ্করকে লেখা চিঠিতে দাবি করেন, ভারত সরকার যেন অবিলম্বে এই বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করে।
তিনি লেখেন, “মার্কিন সেনাবাহিনীতে কর্মরত শিখদের দাড়ি রাখার উপরে কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হেনেছে। শিখ সেনারা যাতে আগের মতোই ধর্মীয় পরিচয় ও প্রথা বজায় রাখতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।”
আমেরিকায় শিখদের অধিকার রক্ষায় নিয়োজিত শিখ কোয়ালিশনও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের দাবি, এই নির্দেশিকা মৌলিক মানবধিকারের পরিপন্থী।