মৃত্যুমিছিলের পর ঘোর সঙ্কট! দার্জিলিং-কালিম্পংয়ে টয়ট্রেন বন্ধ, জাতীয় সড়কে তীব্র যানজট,

টানা বৃষ্টি এবং ব্যাপক ভূমিধসের জেরে কার্যত বিপর্যয়ের মুখে দার্জিলিং ও কালিম্পং জেলার জনজীবন। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং থেকে মিরিক—সর্বত্র চিত্রটা একই। সরকারি হিসেবে রবিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ২৫। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও কার্শিয়াং মহকুমা। প্রশাসনের আধিকারিকরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জায়গায় জায়গায় এখনও চলছে উদ্ধার কাজ। স্থানীয় বাসিন্দাদের জন্য একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে এবং চালু আছে হেল্প লাইন। রাতের দিকে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক এবং শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ১১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল আংশিকভাবে শুরু হলেও তৈরি হয়েছে তীব্র যানজট, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে, শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝার এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় এক হাজার জনের বেশি গ্রামবাসীকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে।
আটকে ৭০০ পর্যটক, চালু নাইট বাস
ধসের কারণে বহু পর্যটক এখনও পাহাড়ে আটকে আছেন। শুধু মিরিকেই আটকে প্রায় ৩০০ জন। এছাড়া তাবাকোশি, গুরদুং, সিটং, বিজনবাড়ি, রিম্বিক, জোরবাংলো ও সুখিয়াপোখরিতেও পর্যটকরা আটকে। সিটংয়ে হোমস্টেতে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা হিমাদ্রি পুরকাইত। প্রায় ৭০০ পাহাড়বাসীকে ইতিমধ্যেই ত্রাণ শিবিরে সরানো হয়েছে।
পর্যটকদের নিরাপদে সমতলে ফেরাতে এনবিএসটিসি (NBSTC) কলকাতার জন্য নাইট বাস সার্ভিস চালু করেছে। রাতেই দশটি বাসে ৬০০ জনের বেশি পর্যটককে কলকাতা ফেরানো হয়েছে। শিলিগুড়িতে আটকে থাকা প্রায় ৭০ জন পর্যটককে পুলিশ কমিশনারেটের তরফে হোটেল ও খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
জিটিএ’র চেয়ারম্যান রাজেশ চৌহান জানিয়েছেন, উদ্ধারকাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ও ট্যুর অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
পর্যটন শিল্পে ৪০ কোটি টাকার ক্ষতি ও বুকিং বাতিল
ভরা পর্যটনের মরশুমে এই প্রাকৃতিক বিপর্যয় পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত ফেলেছে। অক্টোবরে বুকিংয়ের যে ক্ষীণ আশা দেখা দিয়েছিল, তা এই বিপর্যয়ে নিভে গেল। পর্যটন ব্যবসায়ীদের মতে, পাহাড় তো বটেই, তরাই ও ডুয়ার্স জুড়ে বন্যা পরিস্থিতির কারণে এক দিনেই পর্যটনে কমপক্ষে ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ যে হু হু করে বাড়বে, তা বলাই বাহুল্য।
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “গোটা উত্তরের পর্যটনে এর প্রভাব পড়বে। ভয়ানক বিপর্যয়ের কারণে ফের আমরা আরও বেশি ক্ষতির মুখে ঠেলে গেলাম।”
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু এবং ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য দেবাশিস মৈত্র জানান, আতঙ্কে পর্যটকরা একের পর এক বুকিং বাতিল করা শুরু করেছেন।
টয়ট্রেন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রশাসনের তরফে জানা গিয়েছে, দার্জিলিং জেলাতেই ৩৫টি এবং কালিম্পংয়ে ২১টি জায়গায় ধসের ঘটনা ঘটেছে। দার্জিলিঙে আটটি গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি সেতু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধসের জেরে টয়ট্রেনের লাইন একাধিক জায়গায় বসে যাওয়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ডিএইচআর কর্তৃপক্ষ (দার্জিলিং হিমালয়ান রেলওয়ে) মহাত্মা গান্ধির পাহাড় সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শতাব্দী যাত্রা’ও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে বাধ্য হয়েছে।